চুয়াডাঙ্গায় ট্রেনের ধাক্কায় দুই বন্ধু নিহত আহত এক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দুধপাতিলা রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা মেইল ট্রেনটি তাদের বহনকারী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের রায়হান রাজ এবং সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের মোর্তুজাপুর গ্রামের আবদুল্লাহ আল মামুন। এই ঘটনায় আব্দুল কাদের নামের আরও এক বন্ধু গুরুতর আহত হয়েছেন। তিনি দামুড়হুদা উপজেলার ডুগডুগি কলোনিপাড়ার অহিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তিন বন্ধু মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হয়েছিলেন। সন্ধ্যা ৬টার দিকে দুধপাতিলা রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি তাদের ধাক্কা দিলে দুই বন্ধু ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় আব্দুল কাদেরের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আব্দুল কাদেরকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং নিহতের পরিবার ও স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্তসহ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।