রূপগঞ্জে ডিবি পুলিশের ওপর হামলা ও তিন সদস্যকে অপহরণ করে মারধর

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া এলাকায় আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তিন সদস্য বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে একটি মামলার সূত্র ধরে চার সদস্যের গোয়েন্দা দল সেখানে পৌঁছালে আসামিপক্ষের লোকজন সংঘবদ্ধ হয়ে তাদের ওপর চড়াও হয়।
হামলার একপর্যায়ে গোয়েন্দা পুলিশের তিন সদস্যকে জোরপূর্বক একটি পিকআপে তুলে নেওয়া হয়। তাদের আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজার এলাকায় নিয়ে পুনরায় বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। গোয়েন্দা দলের অন্য এক সদস্য কনস্টেবল আকাশ আহমেদ ওই সময় ঘটনাস্থলের পাশে থাকায় ভাগ্যক্রমে হামলা থেকে রক্ষা পান এবং পরে থানায় খবর দেন।
খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তিন কর্মকর্তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহমেদ রয়েছেন। এদের মধ্যে এসআই মামুন মাতুব্বরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সবজেল হোসেন জানিয়েছেন, পুরো ঘটনার নেপথ্যে কারা জড়িত তা শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
