AdvertisementAdvertisement

কুড়িগ্রামের রাজারহাটে রেললাইনে ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ যাত্রীদের চরম দুর্ভোগ

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রেললাইনের ওপর উল্টে পড়ায় ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে চিলমারীগামী রমনা মেইল ও ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের যাত্রীরা তীব্র ভোগান্তির শিকার হয়েছেন। দুর্ঘটনার ফলে রেললাইন সম্পূর্ণভাবে অবরুদ্ধ হয়ে পড়ায় ঢাকা ও বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী শত শত যাত্রী আটকা পড়েন।

বুধবার সকাল থেকে নির্ধারিত সময়ে ট্রেন না পেয়ে বিপাকে পড়েন ঢাকাগামী যাত্রীরা। বিশেষ করে বৈরী আবহাওয়ার মধ্যে চরম ভোগান্তিতে পড়ে অনেক যাত্রী অতিরিক্ত ভাড়ায় বিকল্প বাহন ব্যবহার করে তিস্তা রেলওয়ে স্টেশনের দিকে রওনা দিতে বাধ্য হন। যাত্রীদের অভিযোগ, সঠিক সময়ে ট্রেন চলাচল না করায় এবং বিকল্প কোনো ঘোষণা না থাকায় তাদের ভোগান্তি কয়েক গুণ বেড়ে গেছে।

Advertisement
বিজ্ঞাপন

ঘটনার খবর পেয়ে রেলওয়ে কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রেললাইন থেকে ট্রাকটি অপসারণের কাজ শুরু করে। তবে ট্রাকটি সরিয়ে কখন নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি সংশ্লিষ্টরা। উদ্ধারকাজ চলমান থাকায় রেলপথে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

কুড়িগ্রাম রেলওয়ে স্টেশনের ইনচার্জ কণিকা বিষয়টি নিশ্চিত করে জানান, রেললাইনের ওপর ট্রাক উল্টে লাইন ব্লক হয়ে যাওয়ার কারণে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যে লাইন সচল করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কুড়িগ্রাম এক্সপ্রেস প্রতিদিন সকাল সাতটা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে ছেড়ে গেলেও দুর্ঘটনার কারণে আজ ট্রেনটি স্টেশনে পৌঁছাতে পারেনি।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%