AdvertisementAdvertisement

পার্বত্য চট্টগ্রামে কৃষিপণ্য সংরক্ষণে কোল্ড স্টোরেজ নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে

বান্দরবান পার্বত্য জেলায় উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণ ও বাজারজাতকরণের দীর্ঘদিনের সংকট নিরসনে আধুনিক কোল্ড স্টোরেজ নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে নেওয়া এই প্রকল্পটি বাস্তবায়িত হলে তিন পার্বত্য জেলায় উৎপাদিত বিপুল পরিমাণ ফলমূল ও কৃষিপণ্য পচনের হাত থেকে রক্ষা পাবে, যা স্থানীয় অর্থনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।

বিশেষজ্ঞদের তথ্যমতে, ফলমূল ও শাকসবজিতে প্রচুর পরিমাণে জলীয় অংশ থাকায় তা দ্রুত পচনশীল হয়ে পড়ে। সঠিক সংরক্ষণ ব্যবস্থার অভাবে পোকামাকড় ও পরিবেশগত কারণে প্রতি বছর প্রচুর পরিমাণে পুষ্টিসমৃদ্ধ কৃষিপণ্য নষ্ট হয়, যার ফলে প্রান্তিক কৃষকরা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন। বিজ্ঞানসম্মত এই সংরক্ষণাগার স্থাপনের মাধ্যমে উৎপাদিত পণ্যের গুণগত মান ও পুষ্টিগুণ দীর্ঘসময় পর্যন্ত অক্ষুণ্ণ রাখা সম্ভব হবে।

Advertisement
বিজ্ঞাপন

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্তের আলোকে ২০২৩ সালের ২৪ আগস্ট তিন পার্বত্য জেলায় ৫০ টন ধারণক্ষমতাসম্পন্ন তিনটি কোল্ড স্টোরেজ নির্মাণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। পরবর্তীতে ১৫ নভেম্বর ২০২৩ তারিখে ২১৫ কোটি ৫৬ লাখ টাকা প্রাক্কলিত ব্যয়ে প্রকল্পটি প্রশাসনিক অনুমোদন লাভ করে। আগস্ট ২০২৩ থেকে জুন ২০২৬ মেয়াদে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় কোল্ড স্টোরেজ নির্মাণের জন্য ১৮৫ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং চলতি বছরের জুন পর্যন্ত ১৪০ লাখ টাকা ব্যয় হয়েছে।

বান্দরবান জেলা বাস টার্মিনাল এলাকায় অবস্থিত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নিজস্ব ভবনে দুই চেম্বারবিশিষ্ট এই কোল্ড স্টোরেজটি নির্মিত হচ্ছে। ২০১২-১৩ অর্থবছরে নির্মিত এই ভবনটি দীর্ঘদিন প্রভাবশালী মহলের অবৈধ দখলে থাকায় বোর্ড কোনো রাজস্ব আয় করতে পারেনি। পরবর্তীতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে সরকারি ই-জিপি পদ্ধতিতে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে যোগ্য ঠিকাদার নিয়োগ করে কোল্ড স্টোরেজ স্থাপনের এই যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করা হয়।

Advertisement
বিজ্ঞাপন

প্রকল্পের বর্তমান অগ্রগতি সম্পর্কে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত জানান, কাজের গুণগত মান বজায় রেখে দ্রুতগতিতে নির্মাণযজ্ঞ এগিয়ে চলছে। নির্ধারিত সময়সীমা অর্থাৎ জুন ২০২৬ সালের মধ্যেই কোল্ড স্টোরেজের নির্মাণকাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পার্বত্য অঞ্চলের কৃষিবান্ধব এই অবকাঠামো নির্মাণ অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।

0%
0%
0%
0%