বর্ণাঢ্য আয়োজনে চার্টার্ড সেক্রেটারী দিবস উদযাপিত

রাজধানী ঢাকার বাংলামোটর এলাকায় অবস্থিত ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) প্রাঙ্গণে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে জাতীয় জাদুঘরের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা আইসিএসবি প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সংস্থাটির সদস্য, শিক্ষার্থী, কর্পোরেট ব্যক্তিত্ব এবং বিভিন্ন পর্যায়ের অংশীজন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আইসিএসবির প্রধান নির্বাহী কর্মকর্তা ও সেক্রেটারি মো. সাব্বিরুল আলম চৌধুরী বলেন, ২০১০ সালে চার্টার্ড সেক্রেটারীজ আইন প্রণয়নের মাধ্যমে বাংলাদেশে এই পেশা আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রাতিষ্ঠানিক ভিত্তি লাভ করে। সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণ করেই প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন যে, কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠা, রেগুলেটরি কমপ্লায়েন্স নিশ্চিতকরণ এবং টেকসই প্রাতিষ্ঠানিক উন্নয়নে চার্টার্ড সেক্রেটারীদের ভূমিকা অপরিসীম।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কেক কাটা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। রাজধানীর পাশাপাশি দেশের প্রতিটি বিভাগীয় ও জেলা শহরেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে দেশের অর্থনৈতিক ও কর্পোরেট অঙ্গনে পেশাজীবীদের অবদানকে আরও গতিশীল করার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন।
আইসিএসবি সূত্রে জানা গেছে, শীর্ষস্থানীয় কর্পোরেট প্রতিষ্ঠানের নির্বাহী এবং পেশাজীবীদের অংশগ্রহণে এই আয়োজন বাংলাদেশের অর্থনৈতিক খাতে চার্টার্ড সেক্রেটারী পেশার ক্রমবর্ধমান গুরুত্ব ও অবদানকে নতুন করে সামনে নিয়ে এসেছে। নৈতিক ব্যবসায়িক চর্চা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে আইসিএসবি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেছে।