দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদ

নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদকে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে পদায়ন করা হয়। দীর্ঘ শিক্ষাজীবন ও প্রশাসনিক অভিজ্ঞতার আলোকে তাকে এই নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদের জন্ম ১৯৬৮ সালে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায়। তিনি ১৯৮৩ সালে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং ১৯৮৫ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ১৯৮৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক এবং ১৯৮৯ সালে একই বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবনের শুরুতে ১৯৯৬ সালে ১৬তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে উত্তীর্ণ হয়ে পটুয়াখালী সরকারি কলেজের ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন তিনি। এরপর নীলফামারী সরকারি মহিলা কলেজ ও কুড়িগ্রাম সরকারি কলেজসহ বিভিন্ন সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যাপনায় তার দীর্ঘ ও বর্ণাঢ্য কর্মজীবন অতিবাহিত হয়।
তিনি ২০২৫ সালের ১৭ ডিসেম্বর নীলফামারীর সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেছিলেন। শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার আগ পর্যন্ত তিনি নিষ্ঠার সাথে উক্ত পদে কর্মরত ছিলেন। তার নিয়োগের বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছে যে, শিক্ষা প্রশাসনে তার দীর্ঘ অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে।
এই নতুন দায়িত্বপ্রাপ্তির খবরে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, সহকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস আহমেদকে উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের শিক্ষা খাতের অগ্রযাত্রায় তার এই নিয়োগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।