চকরিয়ায় ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারের চকরিয়ায় অবস্থিত দেশের অন্যতম প্রধান বিনোদন কেন্দ্র ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে তিনি নিজেই গাড়ি চালিয়ে কক্সবাজার থেকে সড়কপথে সাফারি পার্কে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে গাড়িতে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এবং অ্যাডভোকেট হাসিনা আহমদ।
সাফারি পার্কে পৌঁছানোর পর বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এবং প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। পার্কের মূল ফটকের সামনে প্রধানমন্ত্রী একটি নাগলিঙ্গম গাছের চারা রোপণ করেন। এরপর তিনি ও ডা. জুবাইদা রহমান পার্কের স্মারক বইয়ে স্বাক্ষর করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ এ সময় তাঁদের সঙ্গে ছিলেন।
স্মারক বইয়ে স্বাক্ষর করার পর প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীরা সাফারি পার্কের বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্যের সৌন্দর্য অবলোকন করেন। প্রধানমন্ত্রী গাড়ি চালিয়ে গন্তব্যে পৌঁছানোর পথে হাজার হাজার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মী তাঁকে ফুল ছিটিয়ে এবং হাত নেড়ে উষ্ণ অভ্যর্থনা জানান। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষের উচ্ছ্বাস ও ভালোবাসায় সিক্ত হন সরকারপ্রধান।