কোম্পানীগঞ্জে উদয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

‘যুক্তির আলোয় গড়ি আগামীর নেতৃত্ব’—এই প্রতিপাদ্যকে ধারণ করে নোয়াখালীর কোম্পানীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ‘উদয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৬’। উদয় এইড ফাউন্ডেশনের আয়োজনে স্থানীয় এই প্রতিযোগিতায় কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ১৮টি দলে বিভক্ত হয়ে মেধার লড়াইয়ে অবতীর্ণ হয়।
প্রাণবন্ত এই বিতর্কে শিক্ষার্থীরা তাদের ক্ষুরধার চিন্তাশক্তি, গভীর বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গি এবং নেতৃত্বের সুপ্ত গুণাবলি তুলে ধরে। চূড়ান্ত পর্বে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে কোম্পানীগঞ্জ মডেল হাই স্কুলকে পরাজিত করে মাকসুদাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
উদয় এইড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সদস্যদের সার্বিক পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার বিশেষ আদালতের জেলা জজ শফিকুল ইসলাম, যিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান। এছাড়াও কোম্পানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ দিদার হোসেন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেখানে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিশন অনুযায়ী আগামীর উন্নত ও মেধাবী জাতি গঠনে শিক্ষার্থীদের যুক্তিবাদী হওয়ার বিকল্প নেই। মেধা ও নেতৃত্বের বিকাশ ঘটানোর লক্ষ্যে আয়োজিত এমন শিক্ষামূলক কার্যক্রম শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখবে বলে অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।