নেত্রকোনার পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মাদক সেবন ও কেনাবেচার অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন। সোমবার রাতে উপজেলার লালমিয়ার বাজার ও শ্যামগঞ্জ এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আল আমিনের নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানে হাতেনাতে ধরা পড়া মো. আলমকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে আব্দুল্লাহ আল ফারাবী তমালকে দশ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে জব্দকৃত ইয়াবা, গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে। সরকারপ্রধান তারেক রহমানের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।