AdvertisementAdvertisement

পাটুরিয়া-আরিচা ঘাটে অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, ভোগান্তিতে কর্মমুখী যাত্রী

মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ও আরিচা ঘাট দিয়ে ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন হাজার হাজার মানুষ। তবে গন্তব্যে ফেরার এই যাত্রাপথে পরিবহন শ্রমিকদের দৌরাত্ম্যে নাভিশ্বাস উঠেছে যাত্রীদের। নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে বিভিন্ন বাস কাউন্টার ও পরিবহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে।

সরেজমিনে দেখা যায়, পাটুরিয়া ও আরিচা সংযোগ মোড় থেকে ছেড়ে যাওয়া গাবতলীগামী বিভিন্ন পরিবহনে সরকার নির্ধারিত ১৮০ টাকার পরিবর্তে ৩০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হচ্ছে। একইভাবে নবীনগর ও সাভারের ১২০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ২০০ টাকা। এছাড়া চট্টগ্রাম অভিমুখী নীলাচল পরিবহনে ২৫০ টাকার স্থলে ৩৫০ টাকা ভাড়া নেওয়ার মতো নজিরবিহীন নৈরাজ্য চলছে। ভোগান্তির শিকার যাত্রীরা অভিযোগ করেন, প্রতিবছরই ঈদের ছুটির পর এই ঘাটগুলোতে পরিবহন মালিকদের এমন স্বেচ্ছাচারিতা চললেও প্রতিকারে কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ে না।

Advertisement
বিজ্ঞাপন

বাস স্টাফদের দাবি, ঢাকা থেকে যাত্রী নিয়ে আসার সময় গাড়ি ভর্তি থাকলেও ফেরার সময় অনেক ক্ষেত্রে খালি গাড়ি নিয়ে আসতে হয়। লোকসান পোষাতে অতিরিক্ত ভাড়া নিতে তারা বাধ্য হচ্ছেন। তবে গন্তব্যে ফেরা সোহেল, আনোয়ার ও রাজুর মতো যাত্রীদের মতে, অতিরিক্ত ভাড়া আদায় অনেকটা জুলুমের শামিল। দীর্ঘক্ষণ বাসের অপেক্ষায় থাকার পর নিরুপায় হয়েই বাড়তি টাকা গুনতে হচ্ছে তাদের।

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ঘাট এলাকায় পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। যাত্রীদের সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে ব্যক্তিগতভাবে প্রতিটি বাসে গিয়ে ভাড়া যাচাই করা পুলিশের পক্ষে সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেন।

Advertisement
বিজ্ঞাপন

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রানী কর্মকার জানান, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কোনো পরিবহন অতিরিক্ত অর্থ আদায় করলে কেবল চালক নয়, সংশ্লিষ্ট পরিবহন কোম্পানির বিরুদ্ধেও কঠোর মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তারেক রহমানের নেতৃত্বে জনগণের দুর্ভোগ লাঘবে প্রশাসন বদ্ধপরিকর বলে তিনি মন্তব্য করেন।

0%
0%
0%
0%