AdvertisementAdvertisement

সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি হাবিবুর রহমান হাবিবের

পাবনা জেলা বিএনপির আহ্বায়ক ও দলটির চেয়ারপারসন তারেক রহমানের অন্যতম উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজের কাছে তিনি মাথা নত করবেন না। রোববার বিকেলে ঈশ্বরদী পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাবিবুর রহমান হাবিব আরও বলেন, অতীতেও যেমন কোনো সন্ত্রাসীর কাছে তিনি ভোটের জন্য অনুনয়-বিনয় করেননি, ভবিষ্যতেও এমনটি হবে না। রাজনৈতিক আদর্শের প্রতি অবিচল থেকে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, নির্বাচিত না হলেও তারেক রহমানের হাত ধরে ঈশ্বরদীর উন্নয়নে তিনি সবসময় সক্রিয় থাকবেন।

Advertisement
বিজ্ঞাপন

প্রশাসনের উদ্দেশে কড়া বার্তা দিয়ে তিনি বলেন, কোনো সন্ত্রাসী বা বহিষ্কৃত নেতার ইশারায় সরকারি অস্ত্র ও পুলিশ ব্যবহার করে তাদের নিরাপত্তা দেওয়া কাম্য নয়। তিনি দলীয় নেতাকর্মীদের হুঁশিয়ার করে বলেন, যারা ধানের শীষের প্রার্থীকে হারিয়েছে কিংবা দলের শৃঙ্খলা ভঙ্গ করেছে, তাদের দলে ফেরার কোনো সুযোগ নেই।

বিএনপি নেতা হাবিব দৃঢ়কণ্ঠে ঘোষণা করেন, ঈশ্বরদীতে মাদক ও সন্ত্রাসের আস্তানাগুলো বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। নিরীহ মানুষের ওপর কোনো ধরনের হামলা বা চাঁদাবাজি বরদাশত করা হবে না জানিয়ে তিনি বলেন, এই অপশক্তিকে নির্মূল করতে পারলে আগামী জাতীয় নির্বাচনে বিএনপি ২৭০ থেকে ২৮০টি আসন নিয়ে রাষ্ট্রক্ষমতায় আসবে।

Advertisement
বিজ্ঞাপন

ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মকলেছুল রহমান বাবলুর সভাপতিত্বে এবং রফিকুল ইসলাম নয়নের সঞ্চালনায় সভায় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং উপস্থিত জনসাধারণের মাঝে খাবার বিতরণ করা হয়।

0%
0%
0%
0%