রামগড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

খাগড়াছড়ির রামগড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী। দিবসটি উপলক্ষে স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন করা হয়।
শনিবার বিকেলে রামগড় শিল্পী কমিউনিটি সেন্টারে আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন। সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য কর্মময় জীবন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন এবং জাতীয় উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁদের মতে, জিয়াউর রহমানের আদর্শ আজও বাংলাদেশের রাজনীতিতে এক অবিচল অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছে।
পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল্যাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূইয়া, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুজায়েদ আলী এবং পৌর মহিলা দলের সভাপতি পারুল আক্তার।
স্মরণ সভায় জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলাউদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহ্ আলম বাদশা, পৌর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম ও উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আলীমউল্ল্যাহসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
