টেসলা বস ইলন মাস্কের প্রায় ১ ট্রিলিয়ন ডলারের রেকর্ড বেতন অনুমোদন করল শেয়ারহোল্ডাররা

ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা–র প্রধান নির্বাহী ইলন মাস্ক পেয়েছেন ইতিহাসের সবচেয়ে বড় বেতনের অনুমোদন। শেয়ারহোল্ডারদের ভোটে প্রায় ১ ট্রিলিয়ন ডলার মূল্যের এই রেকর্ড বেতন প্যাকেজ অনুমোদন পেয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনে টেসলার বার্ষিক সাধারণ সভায় অনুষ্ঠিত ভোটে ৭৫ শতাংশ শেয়ারহোল্ডার এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। ভোটের ফল ঘোষণার পর সভাস্থলে ব্যাপক করতালি ও উল্লাস দেখা যায়।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এই চুক্তি অনুযায়ী আগামী ১০ বছরে টেসলার বাজারমূল্য ও আয় নির্ধারিত পর্যায়ে উন্নীত করতে পারলে শত শত মিলিয়ন নতুন শেয়ার পাবেন।
তবে বিশাল এই বেতন প্যাকেজকে ঘিরে সমালোচনাও উঠেছে। অনেকেই মনে করছেন, এত বড় পরিমাণ বেতন কর্পোরেট নৈতিকতার বাইরে। তবে টেসলার বোর্ড অব ডিরেক্টররা যুক্তি দিয়েছে, এই চুক্তি অনুমোদিত না হলে মাস্ক কোম্পানি ছেড়ে যেতে পারতেন— যা প্রতিষ্ঠানটির জন্য ক্ষতিকর হতো।
ফলাফল ঘোষণার পর ইলন মাস্ক মঞ্চে উঠে উচ্ছ্বাস প্রকাশ করেন ও নিজের নামের স্লোগানে নাচেন। তিনি বলেন,
“আমরা টেসলার ভবিষ্যতের নতুন অধ্যায়ে নয়, বরং একটি নতুন বইয়ে পা রাখছি।”
মাস্ক আরও বলেন,
“অন্যান্য শেয়ারহোল্ডার মিটিং হয় নিস্তেজ— কিন্তু আমাদেরটা দারুণ। দেখুন তো, এটা কতটা অসাধারণ।”
মাস্কের সামনে নির্ধারিত প্রধান লক্ষ্যগুলো:
- বছরে ২০ মিলিয়ন টেসলা গাড়ি এবং এক মিলিয়ন রোবট উৎপাদন
- টেসলার ফুল সেলফ ড্রাইভিং ফিচারের ১০ মিলিয়ন সাবস্ক্রিপশন অর্জন
- এক মিলিয়ন স্বচালিত রোবোট্যাক্সি বাণিজ্যিকভাবে চালু করা
- ৪০০ বিলিয়ন ডলার পর্যন্ত মূল মুনাফা অর্জন
- কোম্পানির মোট বাজারমূল্য ১.৪ ট্রিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৮.৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করা
এই চুক্তি অনুযায়ী মাস্ক কোনো নগদ বেতন বা বোনাস পাবেন না, বরং নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করতে পারলে ৪০০ মিলিয়নেরও বেশি নতুন শেয়ার পাবেন— যার সম্ভাব্য বাজারমূল্য প্রায় ১ ট্রিলিয়ন ডলার।
রোবট ‘অপটিমাস’কে কেন্দ্র করে মাস্কের নতুন দৃষ্টি
সভায় মাস্ক বিশেষভাবে গুরুত্ব দেন অপটিমাস নামের একটি স্বয়ংক্রিয় মানবাকৃতির রোবট নিয়ে। ২০২২ সালে উন্মোচিত এই রোবটের লক্ষ্য হলো “ঝুঁকিপূর্ণ, একঘেয়ে বা ক্লান্তিকর কাজ” সম্পাদন করা।
মাস্কের ভাষায়, এই রোবট টেসলার ভবিষ্যৎ কৌশলের কেন্দ্রে থাকবে। তিনি বিশ্বাস করেন, এটি ভবিষ্যতে শুধু কারখানায় নয়, মানুষের বাড়িতেও সহায়ক ভূমিকা রাখবে।
অপটিমাস বিষয়ে বিশ্লেষক জিন মানস্টার বলেন,
“মাস্কের নতুন ভিশন শুরু হচ্ছে অপটিমাস দিয়ে। এখনো গাড়ি, ফুল সেলফ ড্রাইভিং কিংবা রোবোট্যাক্সি নিয়ে কথা হয়নি।”
পরে মাস্ক অবশ্য ফুল সেলফ ড্রাইভিং প্রসঙ্গেও কথা বলেন, দাবি করেন যে টেসলা এখন প্রায় এমন পর্যায়ে এসেছে, যেখানে চালকরা “আসলে টেক্সট করতে করতে গাড়ি চালাতে পারবেন।”
তবে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থা বর্তমানে এই ফিচারটি নিয়ে তদন্ত করছে, কারণ ইতোমধ্যে কয়েকটি দুর্ঘটনায় টেসলার স্বচালিত গাড়ি লাল বাতি অমান্য করা ও ভুল লেনে প্রবেশের মতো ঘটনার সাথে যুক্ত হয়েছে।
কোম্পানির চ্যালেঞ্জ ও শেয়ারবাজারের প্রতিক্রিয়া
ঘোষণার পর টেসলার শেয়ার আফটার আওয়ার ট্রেডিংয়ে সামান্য বৃদ্ধি পায়, যদিও গত ছয় মাসে শেয়ারমূল্য ৬২ শতাংশ বেড়েছে।
তবে টেসলার বিক্রি গত এক বছরে কিছুটা কমেছে, বিশেষ করে মাস্কের ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের পর। বিশ্লেষকদের মতে, সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরও এর প্রভাব রয়ে গেছে।
টেসলার শেয়ারহোল্ডার রস গারবার বিবিসিকে বলেন,
“এটি ব্যবসার ইতিহাসে আরেকটি অবিশ্বাস্য ঘটনা। মাস্কের নতুন বেতন প্যাকেজও তাই।”
তবে তিনি সতর্ক করে বলেন, টেসলা এখনো আর্থিক ও প্রতিযোগিতামূলক সংকটে আছে। বিশেষ করে রোবোট্যাক্সি খাতে গুগলের ওয়েমো-র মতো প্রতিদ্বন্দ্বীরা শক্ত অবস্থানে আছে।
গারবার আরও বলেন, তার প্রতিষ্ঠান সম্প্রতি টেসলায় বিনিয়োগ কমিয়েছে, কারণ মাস্কের বিতর্কিত ব্যক্তিত্ব ব্র্যান্ডের মানকে “ধ্বংসের মুখে” ঠেলে দিয়েছে।
সমর্থন ও বিরোধিতা
অন্যদিকে, ওয়েডবুশ সিকিউরিটিজের বিশ্লেষক ড্যান আইভস মাস্ককে টেসলার “সবচেয়ে বড় সম্পদ” হিসেবে আখ্যায়িত করে বলেন,
“আমরা মনে করি টেসলার এআই-ভিত্তিক মূল্যায়নের যাত্রা এখন শুরু হয়েছে।”
তবে নরওয়ের সার্বভৌম সম্পদ তহবিল (বিশ্বের সবচেয়ে বড় জাতীয় বিনিয়োগ তহবিল) এবং ক্যালিফোর্নিয়া পাবলিক এমপ্লয়িজ রিটায়ারমেন্ট সিস্টেম — যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পেনশন ফান্ড— এই প্রস্তাবের বিরোধিতা করেছে।
ফলে মাস্ক অনেক বেশি নির্ভর করেছেন সাধারণ বিনিয়োগকারীদের ভোটের ওপর, যারা টেসলার শেয়ারহোল্ডারদের একটি বড় অংশ।
আইনি প্রেক্ষাপট
আগের এক বেতন চুক্তি ডেলাওয়ারের এক বিচারক বোর্ডের সদস্যরা মাস্কের খুব ঘনিষ্ঠ ছিলেন— এই যুক্তিতে বাতিল করেছিলেন। এরপর টেসলা ডেলাওয়ার থেকে টেক্সাসে পুনঃনিবন্ধিত হয়। বর্তমানে ডেলাওয়ার সুপ্রিম কোর্ট ওই মামলার পুনর্বিবেচনা করছে।
বিশ্লেষক মতামত
কোলোরাডো বিশ্ববিদ্যালয়ের আইন অধ্যাপক অ্যান লিপটন বলেন, মাস্ক আগেরবারের মতো এবারও হয়তো নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেন, কারণ ২০১৮ সালেও তিনি সময়ের আগেই লক্ষ্য পূরণ করেছিলেন।
তিনি আরও বলেন, মাস্কের রাজনৈতিক কার্যকলাপ কিছুটা “বিতর্ক তৈরি” করেছে, তবে এই চুক্তি তার কোম্পানির বাইরে কার্যক্রমে কোনো সীমাবদ্ধতা আরোপ করেনি।
অন্যদিকে আরবিসি ব্রুইন ডলফিনের বিনিয়োগ ব্যবস্থাপক ক্যাথরিন হ্যানন বলেন, এই নতুন বেতন চুক্তি মাস্ককে টেসলার ওপর “আরও বেশি ভোটিং ক্ষমতা” দেবে, যা তিনি অনেক দিন ধরেই চাইছিলেন।
তিনি যোগ করেন,
“ইলন মাস্ককে আপনি ভালোবাসুন বা অপছন্দ করুন, তিনি নিঃসন্দেহে এক দূরদর্শী উদ্যোক্তা। সঠিক পরিচালন কাঠামো ও প্রণোদনা থাকলে, তিনি ও শেয়ারহোল্ডাররা উভয়ই সাফল্যের পথে এগিয়ে যাবেন।”