আধুনিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নদ্রষ্টা ছিলেন জিয়াউর রহমান: সংসদ সদস্য আবুল কালাম

মহান স্বাধীনতার ঘোষক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার স্থানীয় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আবুল কালাম আধুনিক বাংলাদেশের রূপকার জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ১৯৮১ সালের এই দিনে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদাত বরণ করেন। একই সঙ্গে তিনি দলের চেয়ারপারসন ও সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনা করেন।

লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলাকে সমন্বিত উন্নয়নের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করে আবুল কালাম বলেন, নির্বাচনী এলাকার সামগ্রিক অগ্রগতির জন্য দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। একটি সমৃদ্ধ সমাজ গঠনে মাদক, সন্ত্রাস ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি নির্মূলের কোনো বিকল্প নেই। উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে মনোহরগঞ্জকে একটি মডেল উপজেলায় রূপান্তরের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।

মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শফিকুর রহমান শফিকসহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতারা। এছাড়া উপজেলা যুবদল ও ছাত্রদলের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন। আলোচনা সভা শেষে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন
0%
0%
0%
0%