সখিপুরে মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ হারালেন কলেজ শিক্ষার্থী

টাঙ্গাইলের সখিপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কামরান আহমেদ কানন নামে এক কলেজ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বিকেলে সখিপুর-সাগরদিঘী সড়কের সাবেদেরচালা-কচুয়া পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কানন উপজেলার কাঁকড়াজান ইউনিয়নের জিতাশ্বরী গ্রামের রেজাউল করিমের ছেলে এবং টাঙ্গাইলের মেজর মাহমুদুল হাসান কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ বিকেলে সখিপুর-সাগরদিঘী সড়কের সাবেদেরচালা কচুয়া পুকুরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে কাননের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড গতির সংঘর্ষে মোটরসাইকেল দুটি দুমড়েমুচড়ে গিয়ে আরোহীরা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাননকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহত কাননের মোটরসাইকেলে থাকা তাঁর ফুফাতো ভাই মো: আশিক গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া অপর মোটরসাইকেলের আরোহী শফিকুল ইসলাম, যিনি উপজেলার বড়চওনা শাহীন ক্যাডেট স্কুলের শিক্ষক হিসেবে কর্মরত, তাঁর ডান হাত ভেঙে গেছে। তিনিও বর্তমানে চিকিৎসাধীন আছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তরুণ এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাবা রেজাউল করিম স্থানীয় জিতাশ্বরী দাখিল মাদরাসার অফিস সহকারী হিসেবে কর্মরত রয়েছেন। মেধাবী সন্তানের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে।