লাউয়াছড়ায় তেলবাহী ওয়াগন লাইনচ্যুত, সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বিচ্ছিন্ন

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ভানুগাছ ও শ্রীমঙ্গল স্টেশনের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
শমশেরনগর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রজত কুমার রায় জানান, সিলেট থেকে আখাউড়াগামী তেলবাহী ট্রেনের একটি খালি ওয়াগন বনের ভেতরে পৌঁছালে তা লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকেই ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অন্যান্য প্রান্তের সাথে সিলেটের রেল যোগাযোগ পুরোপুরি স্থবির হয়ে আছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। উদ্ধার কাজের সহায়তার জন্য ইতোমধ্যে হাইড্রোলিক টুলব্যানসহ সংশ্লিষ্ট উদ্ধারকারী দলকে ঘটনাস্থলের উদ্দেশ্যে পাঠানো হয়েছে।
উদ্ধার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক হওয়া অনিশ্চিত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। বনের দুর্গম এলাকায় লাইনচ্যুত হওয়ায় উদ্ধার কার্যক্রমে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।
