পাঁচবিবিতে ২৭টি গরু জবাই করে অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ

পবিত্র ঈদুল আজহার আনন্দ সমাজের দুস্থ মানুষের মাঝে ছড়িয়ে দিতে জয়পুরহাটের পাঁচবিবিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র পদপ্রার্থী শামীম হোসেন। শুক্রবার (২৯ মে) দুপুরে পাঁচবিবি সদরের মাস্টার মাইন্ড স্কুল প্রাঙ্গণে ২৭টি গরু কোরবানি দিয়ে প্রায় ৩ হাজার ২০০ অসহায় মানুষের হাতে ঈদের উপহার হিসেবে গোশত তুলে দেন তিনি।

বিজ্ঞাপন

মানুষের সেবায় নিবেদিত এই আয়োজনে ব্যাপক কর্মযজ্ঞ পরিচালিত হয়েছে। ২৭টি গরু জবাই ও প্রক্রিয়াজাত করার লক্ষ্যে প্রায় ৩০ জন কসাই রাত ২টা থেকে টানা ১০ ঘণ্টা কঠোর পরিশ্রম করেছেন। দুপুর নাগাদ এই গোশত সুষ্ঠুভাবে দুস্থদের মাঝে বিতরণের ব্যবস্থা সম্পন্ন হয়।

সামর্থ্যের অভাবে যারা এবার কোরবানি দিতে পারেননি, এমন অনেকেই শামীম হোসেনের এই সহায়তায় আবেগাপ্লুত হয়ে পড়েন। সুবিধাভোগীরা জানান, ঈদের মৌসুমে পাওয়া এই গোশত তাদের দীর্ঘদিনের হাহাকার দূর করে উৎসবের আনন্দকে কিছুটা হলেও পূর্ণতা দিয়েছে।

নিজের এই মানবিক কর্মকাণ্ডের উদ্দেশ্য সম্পর্কে শামীম হোসেন জানান, সামাজিকভাবে পিছিয়ে থাকা মানুষের মুখে হাসি ফোটানোই তার মূল লক্ষ্য। কোরবানির ত্যাগের মহিমা ও ঈদের আনন্দ যাতে সমাজের সর্বস্তরের মানুষ সমভাবে ভাগ করে নিতে পারে, সেই মানবিক তাগিদ থেকেই তিনি এই উদ্যোগ গ্রহণ করেছেন।

বিজ্ঞাপন

এ সময় আয়োজিত বিতরণ কার্যক্রমে উপজেলা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক শামসুল হুদা মন্ডল দুলাল, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0%
0%
0%
0%