লোহাগাড়ায় নিম্নমানের নির্মাণে ধসে পড়েছে ফারেঙ্গা সড়কের সংযোগ অংশ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের ফারেঙ্গা সড়কে নির্মাণাধীন সংযোগ সড়কের বিভিন্ন অংশ সামান্য বৃষ্টিতেই ধসে পড়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ তুলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী, সাধারণ মানুষ ও যানবাহন যাতায়াত করে থাকে।

ফারেঙ্গা-লামা সড়কটি মূলত বান্দরবানের লামা উপজেলার সঙ্গে চট্টগ্রামের যোগাযোগের প্রধান মাধ্যম। সড়কটি নির্মাণের ফলে দুই জেলার বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থা সহজতর হলেও, নির্মাণকাজের ত্রুটির কারণে এখন সেই সুফল ম্লান হতে বসেছে। এলাকাবাসীর অভিযোগ, ঢাল সুরক্ষা, যথাযথ নিষ্কাশন ব্যবস্থা ও সড়ক সংলগ্ন মাটি সংরক্ষণে গাফিলতি থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ফাটল দেখা দিয়েছে। এমনকি সড়কের নিচের পিলারগুলো দেবে গিয়ে পুরো এলাকাটি চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি আল আমিন জানান, সংযোগ সড়কের ধসে যাওয়া অংশের বিষয়ে উপজেলা প্রকৌশল কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং দ্রুত সংস্কারকাজ শুরুর প্রস্তুতি চলছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী কাজি ফাহাদ বিন মাহমুদ জানিয়েছেন, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে দ্রুততম সময়ের মধ্যে ভাঙন মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

ভুক্তভোগী এলাকাবাসী সড়কটির টেকসই সংস্কারের পাশাপাশি নির্মাণকাজে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

০%
০%
০%
০%