শিবচরে মাটির নিচে লুকানো ১১৬৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

মাদারীপুরের শিবচর উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য কলোনি এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ১৬৫ পিস ইয়াবাসহ সিদ্দিক বেপারী নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার পুলিশ সদস্যরা ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। আটককৃত সিদ্দিক ওই এলাকার কাদির বেপারীর ছেলে এবং দীর্ঘদিন ধরেই তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

অভিযানের সময় পুলিশ সিদ্দিকের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে সিদ্দিকের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির আঙিনায় মাটির নিচে গর্ত খুঁড়ে কৌশলে লুকিয়ে রাখা ইয়াবার বিশাল চালানটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিদ্দিক গত ১০ থেকে ১৫ বছর ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তাকে কয়েকবার সতর্ক করা হলেও তিনি তা কর্ণপাত করেননি। মঙ্গলবার তার বাড়িতে ইয়াবার নতুন চালান পৌঁছানোর খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশকে অবহিত করেন।

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িত সিদ্দিক বেপারীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

০%
০%
০%
০%