কুমিল্লায় শহীদ আবু সাঈদের স্মরণে ১১ দলীয় ঐক্যের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

২০২৪ সালের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ আবু সাঈদের শাহাদাতবার্ষিকী স্মরণে কুমিল্লা মহানগরীতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিশাল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত এই সমাবেশে বক্তারা শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় শপথ গ্রহণ করেন।

বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত এই সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ। তিনি তার বক্তব্যে বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় একটি ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠা করা অপরিহার্য। এজন্য প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা মহানগরী নায়েবে আমির মো. মোছলেহ উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক নাবিদ নওরোজ শাহ এবং খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সভাপতি সৈয়দ আব্দুল কাদের জামাল। বক্তারা বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ দেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে এবং তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ন্যায়, সাম্য ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর কর্মপরিষদ সদস্য মু. শাহাদাত হোসাইন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী, এনসিপি কুমিল্লা মহানগরীর যুগ্ম সমন্বয়কারী মাসুমুল বারী কাউছার, কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারি ডা. আকিব আব্দুল্লাহ, খেলাফত মজলিশ কুমিল্লা মহানগরীর সেক্রেটারি ইলিয়াস বিন হাসেম এবং কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ।

সমাবেশ শেষে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গিয়ে র‍্যালিটি শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা শহীদ আবু সাঈদসহ গণঅভ্যুত্থানে নিহত সকল শহীদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ এতে অংশগ্রহণ করেন।

০%
০%
০%
০%