কুমিল্লার তিতাস উপজেলায় বৈষম্যবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলাটির গৌরীপুর-হোমনা সড়কে আয়োজিত এই কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
র্যালিটি গৌরীপুর-হোমনা সড়কের গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড় প্রদক্ষিণ শেষে কড়িকান্দি ব্রিজের ওপর এসে সমাপ্ত হয়। সেখানে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শহীদ আবু সাঈদের আত্মত্যাগ দেশবাসীকে বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার নতুন প্রেরণা জোগাচ্ছে। জুলাই আন্দোলনের অর্জিত চেতনা সমুন্নত রেখে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানান তারা। একই সঙ্গে তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
উক্ত কর্মসূচিতে তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমীর শামীম সরকার, কুমিল্লা উত্তর জেলা জাতীয় নাগরিক পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ সরকার এবং তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা যুব বিভাগের সভাপতি শাহাদাত হোসাইন, সেক্রেটারি ডা. শাহাবুদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশারফ হোসেন মুন্সী ও উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাসেল মাহমুদসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সমাবেশে অংশ নেন।