জয়পুরহাট শহরের শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে বুধবার রাতে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’য় বক্তারা বর্তমান সরকারকে মুজিববাদী সংবিধানের পরিবর্তে জনগণের সংবিধানের পাহারাদার হওয়ার আহ্বান জানিয়েছেন। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সমাবেশে সরকারের কঠোর সমালোচনা করে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তিসহ অনেকেই সরাসরি মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
সন্ধ্যায় সরকারি আর.বি. উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি পদযাত্রা শুরু হয়। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পদযাত্রাটি শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে এসে সমাবেশে রূপ নেয়। এ সময় হাজারও মানুষের অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
সমাবেশে বক্তব্য প্রদান করেন জাতীয় নাগরিক পার্টির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন। এ ছাড়া জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, সদস্য সচিব ফিরোজ আলমগীর, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন হাদি এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।