মাদারীপুরে জজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের বাড়িতে দুর্ধর্ষ চুরি ৩২ লাখ টাকার মালামাল লুট

মাদারীপুর শহরের পানিছত্র এলাকার ভূঁইয়া বাড়ি মসজিদ সংলগ্ন একটি ভবনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে সংঘবদ্ধ চোরচক্র তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মানিকগঞ্জ আদালতের সিনিয়র সিভিল জজ আতিক জামান এবং তার স্ত্রী নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রির গ্রামের বাড়িতে এই লুটপাট চালায়।

পরিবার সূত্রে জানা গেছে, বিচারক আতিক জামানের বাবা মো. আলিমুজ্জামান অসুস্থতার কারণে সপরিবারে ঢাকায় অবস্থান করায় বাড়িটি তালাবদ্ধ ছিল। এই সুযোগে চোরেরা কোলাপসিবল গেট ও ঘরের দরজার তালা কেটে শয়নকক্ষে প্রবেশ করে। এরপর আলমারির লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, ৪ লাখ ৮০ হাজার টাকা, একাধিক মূল্যবান হাতঘড়ি ও অন্যান্য সামগ্রীসহ মোট ৩২ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। পাশাপাশি নির্মাণাধীন ভবনের বিভিন্ন মূল্যবান সরঞ্জামও খোয়া গেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকালে বাড়ির ভাড়াটিয়াদের মাধ্যমে খবর পেয়ে ঢাকা থেকে মাদারীপুরে ছুটে আসেন মো. আলিমুজ্জামান। তিনি ঘরের বিভিন্ন কক্ষ তছনছ অবস্থায় দেখতে পান। এ ঘটনায় তিনি বাদী হয়ে মাদারীপুর সদর মডেল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। বিচার বিভাগ ও প্রশাসনের দুই কর্মকর্তার বাড়িতে এমন চুরির ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ও ভুক্তভোগী পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

০%
০%
০%
০%