ফ্যাক্ট চেক রাজনীতি

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হককে গ্রেপ্তারের দাবিতে এটিএন নিউজের নামে ভুয়া ফটোকার্ড প্রচার

প্রকাশঃ ২৮ নভেম্বর ২০২৬ যাচাইয়ের তারিখ: ২৮ নভেম্বর ২০২৬
ফেসবুকে ওই দাবিতে ছড়িয়ে পড়া ছবিটির স্ক্রিনশট।

কী দাবি করা হয়েছিল?

রাজধানীর বসুন্ধরা থেকে কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ফ্যাক্টচেক

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হয়েছে—রাজধানীর বসুন্ধরা থেকে কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফটোকার্ডটিতে মূলধারার গণমাধ্যম এটিএন নিউজের লোগো ও ডিজাইন ব্যবহার করা হয়েছে এবং তাতে প্রকাশের তারিখ হিসেবে ২৫ নভেম্বর ২০২৬ উল্লেখ রয়েছে।

তবে অনুসন্ধানে দেখা গেছে, ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট। মুজিবুল হককে ডিবি গ্রেপ্তার করেনি, আর এটিএন নিউজও এ ধরনের কোনো সংবাদ প্রকাশ করেনি।

অনুসন্ধান

প্রথমে এটিএন নিউজের ফেসবুক পেজে ওই তারিখে প্রকাশিত ফটোকার্ডগুলো যাচাই করা হয়। কিন্তু সেখানে আলোচিত শিরোনামের কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। এটিএন নিউজের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও এই দাবির পক্ষে কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

ফটোকার্ডটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে আরও একটি পার্থক্য চোখে পড়ে—এটিএন নিউজের প্রচলিত ফটোকার্ডে শিরোনামে যে ফন্ট ব্যবহার করা হয়, আলোচিত ফটোকার্ডের ফন্ট তার চেয়ে আলাদা।

এ বিষয়ে এটিএন নিউজের চিফ রিপোর্টার এবং ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া বিভাগের ইনচার্জ আরাফাত সিদ্দিকী জানিয়েছেন, “এটা এটিএন নিউজের ফটোকার্ড না। কেউ এআই দিয়ে বানিয়েছে মনে হয়।”

অন্যদিকে, মুজিবুল হকের গ্রেপ্তারের বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোছাইন জানান, গ্রেপ্তার ইস্যুতে তিনি কোনো বেতার বার্তা কিংবা কোনো সংবাদ পাননি।

অর্থাৎ, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় এটিএন নিউজের ফটোকার্ডের ডিজাইন নকল করে এই ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।

সুতরাং, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হককে ডিবি গ্রেপ্তার করেছে—এই দাবিটি মিথ্যা এবং এটিএন নিউজের নামে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।



সিদ্ধান্ত

"রাজধানীর বসুন্ধরা থেকে কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক মুজিবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।" - দাবীটি মিথ্যা

প্রমাণের স্ক্রিনশট

তথ্যসূত্র

বিষয়বস্তু: গ্রেপ্তার বাংলাদেশ পুলিশ
০%
০%
০%
০%

সম্পর্কিত ফ্যাক্ট চেক

লিংক কপি হয়েছে!