খুলনায় শ্রমিক দল নেতাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম ঘটনায় তদন্ত শুরু

খুলনার রূপসা উপজেলার মিলকি দেয়াড়া এলাকায় দুর্বৃত্তদের হাতুড়ি পেটায় গুরুতর আহত হয়েছেন খুলনা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ১২১২-এর কার্যকরী সভাপতি মো. রিপন আকন্দ। গত সোমবার রাত ৮টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে তুলে নিয়ে বর্বরোচিত এই হামলা চালায়। আহত রিপন আকন্দ খুলনা সদর থানা শ্রমিক দলের সহ-সভাপতি এবং ২১ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বি কোম্পানির ইমরানের নেতৃত্বে ছয় থেকে সাতজনের একটি সন্ত্রাসী দল রিপন আকন্দকে পথরোধ করে তুলে নিয়ে যায়। এরপর নির্জন স্থানে নিয়ে হামলাকারীরা হাতুড়ি দিয়ে তার দুই হাঁটু ও হাঁটুর নিচের অংশে উপর্যুপরি আঘাত করে হাড় গুঁড়িয়ে দেয়। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন, যেখানে তিনি বর্তমানে সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
হামলার শিকার হওয়ার আগের দিন অর্থাৎ ৩০ আগস্ট বিকেলে ২১ নম্বর ওয়ার্ড কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে রিপন আকন্দ বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে অংশগ্রহণ করেছিলেন। সমাবেশকে কেন্দ্র করে পূর্বশত্রুতা অথবা রাজনৈতিক বিদ্বেষের জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার জাহিদ জানান, ভুক্তভোগীকে খুলনা থেকে ধরে নিয়ে রূপসা এলাকায় নির্যাতনের ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এদিকে, নৃশংস এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার।
