ব্রাহ্মণবাড়িয়ায় নানা নাটকীয়তার পর শিল্পকলা একাডেমিতেই এনসিপির সমন্বয় সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভাকে কেন্দ্র করে দিনভর নানা নাটকীয়তা ও উত্তেজনার পর অবশেষে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটি শুরু হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে প্রশাসনের অনুমোদনের প্রেক্ষিতে রাত ৭টায় আনুষ্ঠানিকভাবে সভার কার্যক্রম শুরু হয়। এতে দলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।
শুরুতে শিল্পকলা একাডেমিতে সভা আয়োজনের ঘোষণা দেওয়া হলেও কওমি ছাত্র ঐক্য পরিষদ একই স্থানে কর্মসূচি ঘোষণা করায় পরিস্থিতির অবনতি ঘটে। প্রশাসনিক নিরাপত্তা বিবেচনায় প্রাথমিকভাবে শিল্পকলা একাডেমির ভেন্যু বাতিল করা হয়েছিল। এরপর সভার বিকল্প স্থান হিসেবে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বর এবং জেলা পরিষদ মিলনায়তনের নাম আলোচিত হলেও শেষ পর্যন্ত পূর্বনির্ধারিত স্থান শিল্পকলা একাডেমিই চূড়ান্ত করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শনিবার দুপুরে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসায় এনসিপি নেতৃবৃন্দ ও কওমি ছাত্র প্রতিনিধিদের মধ্যে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্তে কওমি ছাত্ররা তাদের পূর্বঘোষিত কর্মসূচি প্রত্যাহার করে নেন এবং এনসিপির সভায় কোনো ধরনের বাধা সৃষ্টি না করার প্রতিশ্রুতি দেন। উভয় পক্ষের সমঝোতার ফলে দীর্ঘ অনিশ্চয়তা ও স্থান পরিবর্তনের নাটকীয়তা শেষে শেষ পর্যন্ত নিরুত্তাপ পরিবেশে সভাটি সম্পন্ন হচ্ছে।
