Advertisement

জাতিসংঘের অধিবেশনে ড. খলিলুর রহমানের অনুপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন হুমায়ুন কবির

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের দায়িত্ব পালনের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বিদেশে অবস্থানকালীন সময়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক পরিপত্রে এই প্রশাসনিক সিদ্ধান্তের কথা জানানো হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে যে, রুলস অব বিজনেস, ১৯৯৬ অনুযায়ী প্রতিমন্ত্রীদের ওপর অর্পিত নিয়মিত দায়িত্বের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীর অনুপস্থিতিতে মন্ত্রণালয়ের দৈনন্দিন কার্যক্রম ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে হুমায়ুন কবির তাকে সহায়তা করবেন। মন্ত্রণালয়ের স্বাভাবিক কর্মপ্রক্রিয়া অব্যাহত রাখা এবং দেশের বৈদেশিক নীতির ধারাবাহিকতা বজায় রাখাই এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থার মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. খলিলুর রহমান। গত ২ জুন জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস এস কাকৌরিসকে ৯৯-৯১ ভোটে পরাজিত করে তিনি ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন। আগামী ৮ সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য তিনি এই বৈশ্বিক দায়িত্ব পালন করবেন, যার ফলে তাকে দীর্ঘ সময় নিউ ইয়র্কসহ বিভিন্ন দেশে অবস্থান করতে হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের এই অর্জনকে আন্তর্জাতিক অঙ্গনে দেশের বড় একটি সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে সর্বশেষ ১৯৮৬-৮৭ মেয়াদে বাংলাদেশ এই মর্যাদাপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিল।

বিজ্ঞাপন

এদিকে গত ২১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় রদবদলের সময় টেকনোক্র্যাট হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী পদে নিয়োগ পান হুমায়ুন কবির। একই সাথে শামা ওবায়েদ ইসলামও পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। পরবর্তীতে ২৩ আগস্ট জারি করা এক পরিপত্রের মাধ্যমে হুমায়ুন কবিরকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ এবং শামা ওবায়েদ ইসলামকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বণ্টন করা হয়।

0%
0%
0%
0%