কক্সবাজারে হোটেল বারে সংঘর্ষে যুবক নিহত আটক এক

কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায় একটি হোটেল বারে মদ্যপানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নাজিবুল হক রাশেদ নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রেনেসাঁ হোটেলের বারে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রাশেদ শহরের মধ্যম নুনিয়াছড়া এলাকার মরহুম জয়নাল আবেদীন বহদ্দারের কনিষ্ঠ পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে রাশেদসহ কয়েকজন যুবক বারে বসে মদ্যপান করছিলেন। একপর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতি ও সংঘর্ষের সূত্রপাত ঘটে। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের হাতে থাকা ভাঙা গ্লাসের আঘাতে রাশেদের গলা কেটে গেলে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন। মুমূর্ষু অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে শহরের রুমালিয়ারছড়া এলাকার সোলাইমান ওরফে সালমান নামে এক যুবককে আটক করেছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা ও নিহতের পরিবার।
এদিকে ঘটনার নেপথ্যে থাকা বারের বৈধতা নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। অতিরিক্ত পুলিশ সুপার অহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জায়গাটি অনুমোদনবিহীন মদের বার হিসেবে ধারণা করা হচ্ছে। তবে হোটেলের ব্যবস্থাপক ফয়েজুল হকের দাবি, তাদের কাছে বৈধ লাইসেন্স রয়েছে এবং তা ২০২৭ সালের জুন মাস পর্যন্ত নবায়ন করা আছে।
