গফরগাঁওয়ে কবর খুঁড়ে দুটি কঙ্কাল চুরি এলাকায় আতঙ্ক

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সালটিয়া ইউনিয়নের শিলাসী মীরবাড়ি গ্রামের দরগাহ ভিটা কবরস্থান থেকে রাতের আঁধারে দুটি কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে দুর্বৃত্তরা কবর খুঁড়ে কঙ্কালগুলো নিয়ে যায় বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। এই ন্যক্কারজনক ঘটনায় পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার সকালে স্থানীয়রা কবরস্থানে গিয়ে দুটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে এসে কবর দুটি খালি অবস্থায় দেখতে পান এবং কবরের আশপাশে চুলসহ মানুষের দেহাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। চুরি হওয়া কঙ্কালগুলোর মধ্যে দেড় বছর আগে মারা যাওয়া মীর মোশারফ হোসেন এবং প্রায় দুই বছর আগে প্রয়াত সুফিয়া বেগমের কবরের কঙ্কাল রয়েছে।
মীরবাড়ি গ্রামের বাসিন্দা মীর বাদল মিয়া জানান, গভীর রাতে দুর্বৃত্তরা কবরগুলো খুঁড়ে এক রাতেই দুটি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে, যা অত্যন্ত হৃদয়বিদারক ও উদ্বেগজনক। এর আগেও এই একই কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছিল। বারবার এমন অপতৎপরতার ফলে এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা দেখা দিয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, কবরস্থানের পবিত্রতা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
