সিরাজগঞ্জে সংসদ সদস্যের গাড়িতে হামলা ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার ২

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আয়নুল হকের গাড়িবহরে হামলার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব গোলাম মুক্তাদীর এবং আলমগীর হোসেন। রোববার রাতে জেলা গোয়েন্দা শাখা ও স্থানীয় থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে ধানগড়া বাজারে আয়োজিত একটি সভা থেকে। সিরাজগঞ্জ-৩ আসনের জন্য প্রস্তাবিত টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) নির্মাণের স্থান নির্ধারণের লক্ষ্যে ওই সভার আয়োজন করেছিল স্থানীয় বিএনপি। সভায় সংসদ সদস্য আয়নুল হকের উপস্থিতিতে টিটিসি নির্মাণের স্থান নিয়ে স্থানীয় পর্যায়ে মতপার্থক্য ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সভার এক পর্যায়ে স্থানীয় জামায়াত, শিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশ স্থান নির্বাচনের দাবিতে স্লোগান শুরু করলে পরিস্থিতির অবনতি ঘটে। বিশৃঙ্খলার মুখে সংসদ সদস্য টিটিসি স্থান নির্ধারণের জন্য একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে সভাস্থল ত্যাগ করার সময় তার গাড়িতে অতর্কিত হামলা চালানো হয়। এতে সংসদ সদস্যের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়।
হামলার ঘটনায় স্থানীয় বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। বিএনপির অভিযোগ, জামায়াত ও এনসিপি নেতাকর্মীদের পরিকল্পিত উসকানিতেই এই হামলা চালানো হয়েছে। অন্যদিকে, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম এ অভিযোগ অস্বীকার করে একে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ বলে দাবি করেছেন।
এ ঘটনায় শনিবার রাতে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
