Advertisement

অ্যামাজন প্রাইম ভিডিওর পর্দায় ফিরে এল রহস্য ও অ্যাকশনের অনন্য মেলবন্ধন রিচার সিরিজের চতুর্থ মৌসুম

ভবঘুরে জীবন, পরনে নামমাত্র পোশাক, হাতে কেবল একটি ছোট ব্যাগ—এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়ানো এই মানুষটির নাম জ্যাক রিচার। তিনি কোনো সাধারণ পথচারী নন, বরং সাবেক মার্কিন মিলিটারি পুলিশের তুখোড় মেজর। নিজের গাড়ি-বাড়ি নেই, প্রযুক্তি থেকেও দূরে থাকেন, কিন্তু যেখানেই পা রাখেন সেখানেই রহস্যের গন্ধ পান। আর সেই রহস্যের জাল ছিঁড়তে গিয়েই জড়িয়ে পড়েন বড় কোনো বিপদে। ব্রিটিশ লেখক লি চাইল্ডের অমর সৃষ্টি এই জ্যাক রিচার এখন বিশ্বজুড়ে এক আলোচিত নাম। ১২ আগস্ট অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে জনপ্রিয় সিরিজ ‘রিচার’-এর চতুর্থ মৌসুমের প্রথম তিন পর্ব, যা মুক্তির পরপরই স্ট্রিমিং জগতে ঝড় তুলেছে।

লি চাইল্ডের ৩০টিরও বেশি উপন্যাসের ওপর ভিত্তি করে নির্মিত এই সিরিজের প্রতিটি মৌসুম দর্শকদের উপহার দেয় নতুন শহর, নতুন চরিত্র আর নতুন রোমাঞ্চের স্বাদ। রিচার চরিত্রটি যেন গোয়েন্দা ও অ্যাকশন হিরোর এক অনন্য সংমিশ্রণ। প্রয়োজন হলে তিনি যেমন বুদ্ধি দিয়ে রহস্যের জট খোলেন, তেমনি নিজের বিশাল শারীরিক সক্ষমতা দিয়ে প্রতিপক্ষকে ধরাশায়ী করতেও কার্পণ্য করেন না। দীর্ঘদেহী, বুদ্ধিমান এবং ন্যায়বোধে অটল এই চরিত্রটি বইয়ের পাঠকদের কাছে যেভাবে জীবন্ত হয়ে উঠেছিল, পর্দায় তার যথার্থ প্রতিফলন নিয়ে দীর্ঘ সময় সংশয় ছিল।

বিজ্ঞাপন

হলিউড অভিনেতা টম ক্রুজ বড় পর্দায় রিচার চরিত্রে অভিনয় করলেও বইয়ের ভক্তদের মনে তা পুরোপুরি জায়গা করে নিতে পারেনি। কারণ, বইয়ে বর্ণিত সাড়ে ছয় ফুটের বিশালদেহী রিচারের সঙ্গে ক্রুজের শারীরিক গড়নের ফারাক ছিল বিস্তর। সেই আক্ষেপ ঘুচিয়ে দিয়েছেন অ্যালান রিচসন। অ্যামাজনের এই সিরিজে রিচসনের শারীরিক উপস্থিতি এবং অভিনয়ে ফুটে ওঠা তীব্রতা দর্শকদের বিমোহিত করেছে। রিচসন যেন লি চাইল্ডের সেই পৌরাণিক চরিত্রকে নতুন করে প্রাণ দিয়েছেন।

সিরিজটির জনপ্রিয়তার মূল কারণ এর গল্প বলার ভঙ্গি। প্রতিটি মৌসুমে নতুন কোনো রহস্যের তদন্তে নামেন রিচার, ফলে দর্শককে আগের সব চরিত্র মনে রাখার জটিলতায় পড়তে হয় না। প্রথম মৌসুমে জর্জিয়ার মারগ্রেভে দুর্নীতির জাল উন্মোচন থেকে শুরু করে দ্বিতীয় মৌসুমে নিজের সাবেক সহযোদ্ধাদের হত্যার প্রতিশোধ নেওয়া—প্রতিটি ধাপেই রিচার অপ্রতিদ্বন্দ্বী। নিলসেনের তথ্য অনুযায়ী, স্ট্রিমিং প্ল্যাটফর্মে কয়েক বিলিয়ন মিনিটের ভিউ হওয়া এই সিরিজটি এখন অ্যামাজনের একটি গুরুত্বপূর্ণ ফ্র্যাঞ্চাইজি। চতুর্থ মৌসুমে গল্পটি আবর্তিত হয়েছে ফিলাডেলফিয়াকে কেন্দ্র করে, যেখানে রিচার নিজেকে আবিষ্কার করেন রাজনৈতিক ষড়যন্ত্র ও জীবন-মরণ এক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে।

বিজ্ঞাপন

চতুর্থ মৌসুমে অ্যালান রিচসনের সঙ্গে পর্দা ভাগ করে নিয়েছেন সিডেল নোয়েল, ক্রিস্টোফার রদ্রিগেজ-মারকেট এবং ইন্দোনেশিয়ার বিখ্যাত তারকা অ্যাগনেজ মো-সহ একঝাঁক প্রতিভাবান শিল্পী। রাজনৈতিক ও ষড়যন্ত্রনির্ভর এই মৌসুমে রিচারকে কেবল পেশিশক্তির নয়, তথ্যের লড়াইয়েও জিততে হবে। মোট আট পর্বের এই মৌসুমের প্রথম তিনটি পর্ব মুক্তি পেয়েছে, আর বাকি পর্বগুলো প্রতি বুধবার ধারাবাহিকভাবে দর্শকদের সামনে হাজির হবে।

এদিকে ‘রিচার’-এর সাফল্যের রেশ কাটতে না কাটতেই দর্শকদের জন্য আসছে দারুণ এক সুখবর। সিরিজটির অন্যতম আকর্ষণীয় চরিত্র ফ্রান্সেস নিগলিকে নিয়ে নির্মিত হচ্ছে নতুন স্পিন-অফ সিরিজ ‘নেগলি’। মারিয়া স্টেন অভিনীত এই চরিত্রটি প্রথম ও দ্বিতীয় মৌসুমে রিচারের অন্যতম নির্ভরযোগ্য সহযোগী হিসেবে দর্শকপ্রিয়তা পেয়েছে। এবার শিকাগোর প্রেক্ষাপটে নিজের গোয়েন্দা অভিযানের মধ্য দিয়ে নিগলি আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ সালে মুক্তি পেতে যাওয়া এই সিরিজটি নিয়ে ভক্তদের মাঝে উন্মাদনা তুঙ্গে। একাকী পথচলা জ্যাক রিচার এবং তাঁর বিশ্বস্ত সহযোদ্ধা নিগলি—সব মিলিয়ে অ্যামাজন প্রাইম ভিডিওর এই গোয়েন্দা মহাবিশ্ব এখন বিনোদন দুনিয়ার কেন্দ্রবিন্দুতে।

0%
0%
0%
0%