সিংগাইরে জবি বাস ভাঙচুরের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি উপাচার্যের

মানিকগঞ্জের সিংগাইরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ বহনকারী বাসে হামলা এবং ভাঙচুরের ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। বুধবার সন্ধ্যায় সিংগাইর থানায় উপস্থিত হয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে তিনি এ দাবি জানান। হামলার ঘটনার পর জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রায় আড়াইশ শিক্ষার্থী সিংগাইরের ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। পরে শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সিংগাইর থানায় গিয়ে অবস্থান গ্রহণ করেন।
গত ১১ আগস্ট বিকেলে ঢাকার হেমায়েতপুরের কাছে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের সঙ্গে সিংগাইরের ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে কাওসারের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এরপর কাওসার বাসটিকে অনুসরণ করে সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ এলাকায় গতিরোধ করেন এবং অজ্ঞাত আরও ৩-৪ জন সহযোগীকে নিয়ে বাসটির দুই পাশের সব কাচ ভাঙচুর করেন। এ সময় কাচ ভেঙে পূর্ণিমা, আখি আক্তার ও রিনভি নামের তিন শিক্ষার্থীসহ মোট ১০ জন আহত হন। এছাড়া হামলাকারীদের প্রতিহত করতে গিয়ে বাসচালক মো. সাজ্জাদ হোসেনও গুরুতর আহত হন।
এ ঘটনায় বাসচালক বাদী হয়ে মঙ্গলবার কাওসারকে প্রধান আসামি করে আরও ১০-১২ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে সিংগাইর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে প্রধান অভিযুক্ত কাওসার পলাতক রয়েছেন। পুলিশের তথ্যমতে, দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা এই মামলায় জড়িতদের গ্রেপ্তারে জোর তৎপরতা চালানো হচ্ছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রক্টরিয়াল বডির সদস্য এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
