চলন্ত ট্রেনের বগিতে আগুন, আতঙ্কে যাত্রীরা

পাবনার ঈশ্বরদী উপজেলার মাঝগ্রাম স্টেশন এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী ‘ফাইভ ডাউন মেইল’ ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ট্রেনটি স্টেশন এলাকা অতিক্রম করার সময় হঠাৎ বগির বৈদ্যুতিক অংশে আগুনের সূত্রপাত হলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শী যাত্রীরা জানান, আগুনের শিখা ও ধোঁয়া দেখে ট্রেনের ভেতরে হুড়োহুড়ি শুরু হয়। প্রাণভয়ে অনেক যাত্রী চলন্ত ট্রেন থেকে লাফ দেওয়ার চেষ্টাও করেন। পরিস্থিতি বেগতিক দেখে চালক তাৎক্ষণিকভাবে ট্রেন থামিয়ে দিলে যাত্রী ও ট্রেনের কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
যাত্রী আব্দুল হামিদের ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। অপর যাত্রী আসাদুল ইসলাম জানান, আগুনের ভয়াবহতা বড় ধরনের না হওয়ায় বগিটির আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে এবং সৌভাগ্যক্রমে কোনো যাত্রী হতাহত হননি।
পরবর্তীতে ট্রেনটি ঈশ্বরদী জংশনে পৌঁছালে ক্ষতিগ্রস্ত বগিটিকে পরিত্যক্ত ঘোষণা করে ট্রেন থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়। পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম এবং পরিবহন কর্মকর্তা মোশারেফ হোসেন ঘটনাটি শুনেছেন বলে জানালেও অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি। রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ এ বিষয়ে তদন্ত করে বিস্তারিত জানাবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
