জন্মদিনে ফিরে দেখা দুঃসহ স্মৃতি আমেরিকান পুলিশের বন্দুকের মুখে পড়েছিলেন সুনীল শেট্টি

বলিউডের ‘অ্যাকশন কিং’ সুনীল শেট্টি মানেই পর্দায় এক দাপুটে ব্যক্তিত্ব আর বাস্তব জীবনে পরোপকারী এক মহৎ প্রাণ। তবে সদা হাস্যোজ্জ্বল এই অভিনেতার জীবনে এমন এক ভয়ংকর অভিজ্ঞতার নজির রয়েছে, যা শুনলে আজও শিউরে উঠতে হয়। নব্বইয়ের দশকের পর্দা কাঁপানো এই নায়ককে একসময় আমেরিকার মাটিতে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে পড়তে হয়েছিল, এমনকি তাঁর হাতে উঠেছিল হাতকড়াও।
সিনেমা জগতের বর্ণিল ক্যারিয়ারের বাইরে সুনীলের জীবনে সেই আতঙ্কের মুহূর্তটি এসেছিল নাইন-ইলেভেন বা ৯/১১-এর ভয়াবহ হামলার ঠিক পরপরই। সে সময় লস অ্যাঞ্জেলেসে এক শুটিংয়ে ব্যস্ত ছিলেন সুনীল। ঘটনার সূত্রপাত একটি হোটেলের লিফটকে ঘিরে। অভিনেতা জানান, হোটেলের রুমে ফেরার পথে তিনি চাবি নিতে ভুলে যান। লিফটে থাকা এক ব্যক্তির কাছে চাবি প্রসঙ্গে সাহায্য চাইতে গিয়েই বিপত্তি বাঁধে। ওই ব্যক্তির অস্বস্তি এবং সন্দেহের জেরে মুহূর্তের মধ্যে পুলিশ ঘিরে ফেলে সুনীলকে।
পুলিশের তর্জন-গর্জন এবং বন্দুকের হুমকির মুখে অভিনেতা তখন হতভম্ব। নির্দেশ অনুযায়ী হাঁটু গেড়ে বসে পড়া ছাড়া আর কোনো উপায় ছিল না তাঁর। সুনীল জানান, পরিস্থিতির গভীরতা তখন এমন ছিল যে, মুহূর্তের জন্য তিনি বুঝে উঠতে পারেননি কী অপরাধে তাঁকে বন্দি করা হচ্ছে। তাঁকে হাতকড়া পরিয়ে দেওয়া হয়েছিল এবং পরিবেশ ছিল অত্যন্ত থমথমে। পরবর্তী সময়ে প্রডাকশন টিমের সদস্য, হোটেলের ম্যানেজার এবং একজন পাকিস্তানি ব্যক্তির মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। তাঁরা পুলিশকে নিশ্চিত করেন যে, সুনীল শেট্টি একজন জনপ্রিয় ভারতীয় অভিনেতা এবং তিনি কাজের সূত্রে সেখানে অবস্থান করছেন।
তৎকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের সেই অস্থির সময়ে দাড়ি রাখা দক্ষিণ এশীয় চেহারার মানুষদের নিয়ে যে বিশেষ ভীতি ও বিদ্বেষ কাজ করছিল, এই ঘটনা তার এক জ্বলন্ত উদাহরণ। সুনীল বলেন, ঘটনার সময় পুলিশের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে তাঁর ভাষা বুঝতে পারার সমস্যা বা হাতের ইশারা ভুল ব্যাখ্যার কারণে বিপদ আরও বেড়ে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত নিজেকে নির্দোষ প্রমাণ করতে পেরে এবং সঠিক সময়ে সাহায্য পাওয়ায় বড় কোনো দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি।
পর্দার এই নায়ক শুধু অসামান্য অভিনয়েই নয়, বরং জীবনের এমন কঠিন অভিজ্ঞতাগুলোকেও পরিপক্বতার সঙ্গে সামলে নিয়েছেন। অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও সাম্প্রতিক সময়ে ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে অক্ষয় কুমার, আরশাদ ওয়ারসি ও রবিনা ট্যান্ডনদের সঙ্গে নিজের সহজাত উপস্থিতিতে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। জীবনের ষাটোর্ধ্ব বছরে এসেও সুনীল শেট্টি আজও অনুরাগীদের হৃদয়ে অমলিন এক সুপারস্টার।
