শিবচরের সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় শতভাগ সাফল্য

মাদারীপুরের শিবচর উপজেলার ঐতিহ্যবাহী সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয় ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের অভাবনীয় গৌরব অর্জন করেছে। আড়িয়াল খাঁ নদের কোল ঘেঁষে গড়ে ওঠা এই বিদ্যাপীঠ থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী ২৩ জন শিক্ষার্থীর সবাই কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় বিদ্যালয় প্রাঙ্গণসহ পুরো এলাকায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশের পরপরই বিদ্যালয়ের এই ঈর্ষণীয় সাফল্যের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়।
মঙ্গলবার সকালে বিদ্যালয় পরিদর্শনে এসে প্রতিষ্ঠানের সার্বিক সাফল্যে গভীর সন্তোষ প্রকাশ করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যানেজিং কমিটির সভাপতি এইচ এম ইবনে মিজান। তিনি শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের সাথে আলাপকালে এ অর্জনের ভূয়সী প্রশংসা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিয়ার রহমান জানান, বিষয়ভিত্তিক শিক্ষকদের নিরলস পরিশ্রম, পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টার ফলেই এই মাইলফলক স্পর্শ করা সম্ভব হয়েছে।
শিক্ষার্থীদের একাগ্রতা ও নিয়মিত শ্রেণি কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক আহসান হাবীব জানান, দীর্ঘ ১১ বছরের শিক্ষকতা জীবনে এমন সাফল্য প্রতিষ্ঠানের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছে। কৃতী শিক্ষার্থী মো. রাকিব মিয়া জানায়, শিক্ষকদের নিয়মিত পরামর্শ ও কঠোর অধ্যবসায়ের মাধ্যমেই তারা কাঙ্ক্ষিত এই ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। এমন অর্জনে খুশি শিক্ষার্থী ও শিক্ষকরা একে অপরকে মিষ্টি খাইয়ে আনন্দ ভাগ করে নেন।
শিবচর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফজলুল হক বিদ্যালয়ের এই সাফল্যে শিক্ষক ও শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, প্রত্যন্ত অঞ্চলের মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে এমন ফলাফল অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা, শিক্ষার এই মান ধরে রাখতে পারলে সন্ন্যাসীরচর উচ্চ বিদ্যালয় অত্র অঞ্চলের শিক্ষা বিস্তারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
