AdvertisementAdvertisement

বেবি শার্ক খ্যাত পার্ক গন রুংয়ের কে পপ সংগীত জগতে অভিষেক

ইউটিউবের ইতিহাসে সর্বকালের সেরা রেকর্ডধারী ভিডিও ‘বেবি শার্ক ড্যান্স’-এর সেই অতি পরিচিত শিশুশিল্পী পার্ক গন-রুং এখন তরুণ তুর্কি। বিশ্বজুড়ে ‘বেবি শার্ক বয়’ হিসেবে খ্যাত এই কিশোর এবার পা রাখতে চলেছে গ্ল্যামারাস কে-পপ দুনিয়ায়। পিঙ্কফং কোম্পানির আনুষ্ঠানিক ঘোষণা অনুযায়ী, আগামী ২০ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে তার প্রথম একক গান ‘ওয়েভ’। সতেরো বছর বয়সী পার্কের নতুন এই যাত্রাকে ঘিরে বিনোদন অঙ্গনে এখন সাজ সাজ রব।

কোরীয় ভাষায় গাওয়া এই গানটির গীতিকার স্বয়ং পার্ক। মিউজিক্যাল প্রোডাকশনের ক্ষেত্রে বাড়তি চমক হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় কে-পপ ব্যান্ড ‘মনস্টা এক্স’-এর তারকা জুহনি, যিনি গানটিতে কণ্ঠের জাদু ছড়িয়েছেন। ২০১৬ সালে ‘বেবি শার্ক ড্যান্স’ ভিডিওর মাধ্যমে বিশ্বব্যাপী যে পরিচিতি পেয়েছিলেন পার্ক, তা আজও অম্লান। ১৭ বিলিয়নেরও বেশি ভিউ পাওয়া সেই ভিডিওর সুবাদে তিনি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন।

Advertisement
বিজ্ঞাপন

নিজের নতুন সফর নিয়ে উচ্ছ্বসিত পার্ক বলেন, শৈশবে করা সেই কাজের জন্য মানুষ এখনো তাকে মনে রেখেছে, যা তার কাছে পরম প্রাপ্তি। এক দশক আগে যিনি বেবি শার্কের তালে নাচতেন, আজ নিজের লেখা গানে কণ্ঠ দিয়ে তিনি এক নতুন অধ্যায়ের সূচনা করছেন। নিজের বেড়ে ওঠার গল্প ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে তিনি মুখিয়ে আছেন।

পিঙ্কফং কোম্পানির ভাষ্যমতে, পার্কের সঙ্গে বিশ্বজুড়ে দর্শকদের যে আবেগঘন সম্পর্ক তৈরি হয়েছে, এই গানটির মাধ্যমে তারই এক নতুন প্রতিফলন দেখা যাবে। প্রতিষ্ঠানটি শিশুদের বিনোদনের গণ্ডি পেরিয়ে এখন কে-পপ ইন্ডাস্ট্রিতে তাদের জায়গা করে নিতে চাইছে। তবে এটি স্থায়ী কোনো মিউজিক ক্যারিয়ারের সূচনা নয়, বরং একটি বিশেষ প্রকল্প হিসেবেই দেখছে পিঙ্কফং। গানটির সাফল্যের ওপর ভিত্তি করেই নির্ধারণ করা হবে পার্কের ভবিষ্যৎ পথচলা। ‘বেবি শার্ক বয়’ কি পারবে তার প্রথম গানেই কে-পপ চার্টে ঝড় তুলতে? সেটির উত্তর পেতে অপেক্ষা করতে হবে ২০ আগস্ট পর্যন্ত।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%