এলপিজির অতিরিক্ত প্রিমিয়াম আদায় স্থগিতের নির্দেশ লাহোর হাইকোর্টের

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি বিক্রির ক্ষেত্রে বাড়তি প্রিমিয়াম আদায় করার প্রবণতা নিষিদ্ধ করেছেন লাহোর হাইকোর্ট। বৃহস্পতিবার আদালতের বিচারপতি মির্জা ওয়াকাস রউফ এক অন্তর্বর্তীকালীন আদেশে এই অবৈধ কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বিষয়টি নিয়ে অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি অথরিটি তথা ওগ্রা এবং সংশ্লিষ্ট লাইসেন্সধারী কোম্পানিগুলোর কাছে ব্যাখ্যা তলব করেছেন আদালত।
লাহোর হাইকোর্ট বারের আইনজীবী বাবর মুর্তজা খানের দায়ের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশনা আসে। শুনানিতে বাবর মুর্তজা অভিযোগ করেন যে, আইন অমান্য করে পাকিস্তানের ৪০টিরও বেশি এলপিজি কোম্পানি বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে অবৈধভাবে অতিরিক্ত প্রিমিয়াম আদায় করছে। আইনজীবীর দাবি, এই বাড়তি খরচের বোঝা শেষ পর্যন্ত সাধারণ গ্রাহকদের ওপরই চাপে, যার ফলে আকাশচুম্বী দামে এলপিজি কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।
আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেছেন, গ্যাস সাধারণ মানুষের একটি মৌলিক প্রয়োজন এবং এটি কোনোভাবেই বেসরকারি কোম্পানির মর্জির ওপর ছেড়ে দেওয়া যায় না। নাগরিকদের স্বার্থ রক্ষা করা রাষ্ট্রের অবিচ্ছেদ্য দায়িত্ব বলে আদালত মন্তব্য করেন।
পরবর্তী শুনানির আগ পর্যন্ত বাড়তি প্রিমিয়াম আদায়ের এই প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন লাহোর হাইকোর্ট। আগামীতে ওগ্রা এবং অভিযুক্ত কোম্পানিগুলোকে তাদের দাবির স্বপক্ষে বিস্তারিত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
