AdvertisementAdvertisement

সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জন

সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে। শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহন ও ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মধ্যে এই ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই বেশ কয়েকজন নিহত হন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

ভয়াবহ এই দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গোবরীনা লক্ষ্মীপুর গ্রামের সাইফুল ইসলাম, সাফি মিয়া, ঢাকা বিক্রমপুরের তিন বছর বয়সী শিশু জাইফা ইসলাম এবং সিলেট নগরের সোবহানিঘাট এলাকার বাসিন্দা সপ্তম রায় প্রীতম। আহতদের মধ্যে নুরুন নাহার, মো. মফিজ মিয়া, ফারুক মিয়া, মুক্তার, জাহাঙ্গীর, আফরুজা, আফজাল ও বাবুলসহ আরও বেশ কয়েকজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
বিজ্ঞাপন

খবর পেয়ে ওসমানীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। শেরপুর হাইওয়ে পুলিশ ও স্থানীয় থানা পুলিশ যৌথভাবে দুর্ঘটনাকবলিত বাস দুটি জব্দ করেছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নিয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সকালবেলায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারি ও আহতের আর্তনাদে মহাসড়ক এলাকা ভারী হয়ে ওঠে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত শনাক্ত ও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%