লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় খেলার মাঠে বল কুড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফরহাদ হোসেন আশরাফ (১১) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার আমিরবাদ ইউনিয়নের নেয়াজেরটেক এলাকায় অবস্থিত তা’লিমূল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও মাসুমা ফাউন্ডেশন এতিমখানায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফরহাদ উপজেলার কলাউজান ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মিয়াজী পাড়ার ওমর ফারুকের পুত্র এবং উক্ত মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ছিল।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ফরহাদ তার বন্ধুদের সঙ্গে মাদ্রাসার আঙিনায় ক্রিকেট খেলছিল। খেলার এক পর্যায়ে বলটি মাদ্রাসার টিনের চালের ওপর গিয়ে পড়ে। বলটি উদ্ধার করতে ফরহাদ টিনের চালে উঠলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের সদস্যদের আহাজারিতে হাসপাতাল এলাকায় শোকের ছায়া নেমে আসে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকার্ত পরিবার ঘটনার আকস্মিকতায় ভেঙে পড়েছেন।
