যুক্তরাষ্ট্রে ভাড়াটিয়াকে যৌন হয়রানি ও নিগ্রহের দায়ে ভারতীয় বংশোদ্ভূত বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা

মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত এক ভারতীয় বংশোদ্ভূত বাড়িওয়ালার বিরুদ্ধে ভাড়াটিয়াকে যৌন হেনস্তা এবং প্রতিহিংসামূলক আচরণের গুরুতর অভিযোগে ফেডারেল মামলা দায়ের করেছে মার্কিন বিচার বিভাগ। পেনসিলভেনিয়ার বাসিন্দা ভেঙ্কটাচালম মণি নামের ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর এক মহিলা ভাড়াটিয়াকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন এবং তা প্রত্যাখ্যান করায় চরম বিদ্বেষমূলক কর্মকাণ্ডে লিপ্ত হন। টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার ডিস্ট্রিক্ট কোর্টে এই মামলা দায়ের করা হয়েছে।
আদালতে জমা দেওয়া অভিযোগপত্র থেকে জানা যায়, অভিযুক্ত ভেঙ্কটাচালম মণি একাধিকবার ওই ভাড়াটিয়ার অনিচ্ছা সত্ত্বেও শারীরিক স্পর্শের চেষ্টা করেন এবং অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। মহিলাটি বারবার এই প্রস্তাব ঘৃণাভরে প্রত্যাখ্যান করলে শুরু হয় বাড়িওয়ালার প্রতিহিংসা। তীব্র শীতের মধ্যে বাড়ির হিটিং ব্যবস্থা বা ফার্নেস বিকল হয়ে পড়লে ভাড়াটিয়া বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি তা মেরামত করতে অস্বীকৃতি জানান।
অবস্থার চরম অবনতি ঘটলে ত্রুটিপূর্ণ হিটিং ব্যবস্থার কারণে ওই বাড়িতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফলে ওই মহিলা এবং তাঁর ছোট সন্তানরা প্রচণ্ড ঠান্ডার মধ্যে গৃহহীন হয়ে পড়তে বাধ্য হন। মার্কিন বিচার বিভাগের সিভিল রাইটস ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হারমিত কে. ধিল্লোঁ এ ঘটনাকে বেআইনি আখ্যা দিয়ে বলেছেন, ভাড়াটিয়ার নিরাপত্তা নিশ্চিত করা বাড়িওয়ালার দায়িত্ব, কিন্তু যৌন প্রস্তাব প্রত্যাখ্যানের প্রতিশোধ নিতে পুরো পরিবারকে বিপদের মুখে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পেনসিলভেনিয়ার মার্কিন অ্যাটর্নি ব্রায়ান ডি. মিলারও হুশিয়ারি উচ্চারণ করে জানিয়েছেন, ভাড়াটিয়াদের ওপর যেকোনো ধরনের যৌন নিপীড়ন ও প্রতিশোধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুক্তভোগী নারী শুরুতে মার্কিন আবাসন ও নগর উন্নয়ন বিভাগে অভিযোগ জানালে প্রাথমিক তদন্তে ফেয়ার হাউজিং অ্যাক্ট লঙ্ঘনের প্রমাণ মেলে। সেই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই বিচার বিভাগ এখন চূড়ান্ত আইনি লড়াইয়ে নেমেছে।
বর্তমানে আদালতে চলমান এই মামলায় ভুক্তভোগী পরিবারটির জন্য উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। সেই সাথে অভিযুক্ত ভেঙ্কটাচালম মণি যেন ভবিষ্যতে আর কোনো সম্পত্তি ভাড়া দিতে না পারেন, সে জন্য আদালতের কাছে স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন জানানো হয়েছে। মার্কিন বিচার বিভাগ স্পষ্ট করেছে যে, আইনের চোখে সমান অধিকার লঙ্ঘনকারী কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস
