AdvertisementAdvertisement

বাব আল-মান্দাব প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার নিন্দা জানাল পাকিস্তান

বাব আল-মান্দাব প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি এই হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে অভিহিত করেন। একই সঙ্গে তিনি রিয়াদের সঙ্গে ইসলামাবাদের চলমান প্রতিরক্ষা সহযোগিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন।

বিশ্বের অন্যতম ব্যস্ত নৌপথ বাব আল-মান্দাব প্রণালী দিয়ে বিশ্ব বাণিজ্যের প্রায় ১২ শতাংশ পণ্য পরিবাহিত হয়। হর্ন অফ আফ্রিকা এবং আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তের মাঝে অবস্থিত ২০ মাইল প্রশস্ত ও ৭০ মাইল দীর্ঘ এই জলপথটি লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্ত করেছে। বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা বিঘ্নিত হওয়া বিশ্ব অর্থনীতির জন্য চরম উদ্বেগের কারণ বলে তিনি মন্তব্য করেন।

Advertisement
বিজ্ঞাপন

সৌদি আরবের নেতৃত্বাধীন ১৪টি দেশের সমন্বয়ে গঠিত বহুজাতিক সমুদ্র প্রতিরক্ষা জোটের অন্যতম অংশীদার পাকিস্তান। বাব আল-মান্দাব, লোহিত সাগর এবং এডেন উপসাগরের নৌপথ সুরক্ষিত রাখার লক্ষ্যে এই জোট গঠন করা হয়েছে। পাকিস্তানর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করেছেন যে, যেকোনো দেশের বাণিজ্যিক জাহাজের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং আন্তর্জাতিক নীতিমালার পরিপন্থী।

হরমুজ প্রণালীর বর্তমান উত্তেজনা মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের সংকট নিরসনের প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে বলে মন্তব্য করেছেন তাহির আন্দরাবি। তিনি জানান, ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিরাজমান উত্তেজনা প্রশমিত হলে আলোচনার পথ সুগম হবে। এর মাধ্যমে ইসলামাবাদ সমঝোতা স্মারক এবং পাকিস্তান ও কাতারের যৌথ ঘোষণার কাঠামো অনুযায়ী শান্তি আলোচনার পরিবেশ ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: দুনিয়া নিউজ

0%
0%
0%
0%