সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে আজ জেদ্দায় ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

অঞ্চলজুড়ে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান একটি ত্রিপক্ষীয় যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করতে যাচ্ছে। শুক্রবার জেদ্দায় এই গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হবে বলে সৌদি সামরিক বাহিনীর একটি ঘনিষ্ঠ সূত্র এএফপিকে নিশ্চিত করেছে। এই জোট গঠন দীর্ঘদিনের আলোচনার ফসল হলেও সাম্প্রতিক আঞ্চলিক অস্থিতিশীলতা চুক্তি স্বাক্ষর প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করেছে।
পাকিস্তানর প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং পাকিস্তানর সেনাপ্রধান জেনারেল অসীম মুনির বৃহস্পতিবার সৌদি আরবে পৌঁছান। তিন দিনের এই রাষ্ট্রীয় সফরে তারা শনিবার পর্যন্ত অবস্থান করবেন। একই সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও শুক্রবার জেদ্দায় পৌঁছানোর কথা রয়েছে। সৌদি সামরিক সূত্রের তথ্য অনুযায়ী, এই তিন মুসলিম রাষ্ট্র নিরাপত্তার স্বার্থে নিজেদের সামরিক সম্পর্ক আরও নিবিড় করতে প্রতিশ্রুতিবদ্ধ।
দীর্ঘদিন ধরে এই তিনটি দেশের মধ্যে বৃহত্তর সামরিক জোট গঠনের বিষয়ে জল্পনা-কল্পনা চলছিল। যদিও গত জানুয়ারিতে তুরস্কের এই জোটে যোগদানের বিষয়টি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তবে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা সব জল্পনার অবসান ঘটিয়েছে। উল্লেখ্য, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে গত ২০২৫ সালেই একটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি সম্পাদিত হয়েছিল, যা বর্তমান ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে আরও শক্তিশালী হবে বলে বিশ্লেষকরা মনে করছেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
