AdvertisementAdvertisement

নিট পোশাক শ্রমিকদের জন্য সহজ শর্তে বিমা সুবিধা চালু করল বিকেএমইএ ও গার্ডিয়ান লাইফ

দেশের নিট পোশাক খাতের শ্রমিক ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষায় যুগান্তকারী পদক্ষেপ হিসেবে সহজ শর্তে বিমা–সুবিধা চালুর উদ্যোগ নিয়েছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স। এই প্রকল্পের আওতায় বিকেএমইএর সদস্যভুক্ত কারখানার কর্মীরা ২৪ ঘণ্টা টেলিমেডিসিন সেবা এবং দেশের ৫০০টিরও বেশি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিশেষ মূল্যছাড় উপভোগ করতে পারবেন। এ লক্ষ্যে বৃহস্পতিবার রাজধানী ঢাকার একটি হোটেলে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এবং গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। নতুন এ উদ্যোগের আওতায় বিকেএমইএর দুই হাজার ৫০০টিরও বেশি সদস্য কারখানার শ্রমিক–কর্মচারীরা বছরে মাত্র ২৫০ টাকা প্রিমিয়াম জমা দিয়ে এই বিমা–সুবিধা পাবেন। নামমাত্র এই প্রিমিয়ামে শ্রমিকদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও সমানভাবে চিকিৎসা ও স্বাস্থ্যসেবার আওতায় আসতে পারবেন।

Advertisement
বিজ্ঞাপন

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, বেসরকারি খাতের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং সরকার আন্তরিকভাবে এর সঙ্গে যুক্ত হলে দেশের সব শ্রমিককে এমন আধুনিক চিকিৎসাসেবার আওতায় আনা সম্ভব। শ্রম ও কর্মসংস্থানসচিব মো. আবদুর রহমান তরফদার, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর গুঞ্জন বাহাদুরসহ সংশ্লিষ্ট খাতের নীতিনির্ধারকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিমা–সুবিধার এই মডেলটিকে দেশের কর্মসংস্থান খাতের জন্য একটি অনুকরণীয় উদাহরণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সুরক্ষা বলয়ে নিয়ে আসতে সরকার চাইলে প্রণোদনা প্রদানসহ সব কারখানার জন্য এমন ব্যবস্থা বাধ্যতামূলক করতে পারে। এতে শিল্পখাতে দীর্ঘমেয়াদী স্থায়িত্ব ও শ্রমিকদের কাজের নিরাপত্তা নিশ্চিত হবে।

Advertisement
বিজ্ঞাপন

গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর একটি গবেষণার প্রসঙ্গ টেনে বলেন, উন্নত কর্মপরিবেশ ও স্বাস্থ্যনিরাপত্তা নিশ্চিত করা গেলে কর্মীদের উৎপাদনশীলতা ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। মানবসম্পদ উন্নয়নের এই ধারা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্সের সিইও শেখ রকিবুল করিমের মতে, এই চুক্তি কেবল একটি বাণিজ্যিক সমঝোতা নয়, বরং বিপদের সময়ে শ্রমিকদের পাশে দাঁড়ানোর একটি অঙ্গীকার।

0%
0%
0%
0%