AdvertisementAdvertisement

বিমানবন্দরে ভিআইপি ও সিআইপিসহ সবার জন্য অভিন্ন নিরাপত্তা তল্লাশি বাধ্যতামূলক

দেশের প্রতিটি বিমানবন্দরে ভিআইপি কিংবা সিআইপি পদমর্যাদার ব্যক্তি নির্বিশেষে সবার জন্য অভিন্ন নিরাপত্তা বিধি কঠোরভাবে প্রয়োগের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। বৃহস্পতিবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদর দপ্তরে আয়োজিত জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা কমিটির সভায় তিনি সাফ জানিয়ে দেন, কোনো যাত্রীকে নিরাপত্তা তল্লাশির আওতামুক্ত রাখা যাবে না।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার আসন্ন নিরাপত্তা নিরীক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন মন্ত্রী। দেশের আন্তর্জাতিক ভাবমূর্তির প্রশ্নে আইসিএও নির্ধারিত মানদণ্ড শতভাগ পরিপালন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের উন্নত সেবা নিশ্চিত করার ওপরও বিশেষ জোরারোপ করেন মন্ত্রী।

Advertisement
বিজ্ঞাপন

বিমানবন্দর এলাকায় অননুমোদিত ড্রোন উড্ডয়ন রোধে সরকার অ্যান্টি-ড্রোন সিস্টেম স্থাপনের উদ্যোগ নিয়েছে বলে জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি নিরাপত্তা সরঞ্জামের পর্যাপ্ততা নিশ্চিত করতে অতিরিক্ত স্ক্যানার সংরক্ষণের নির্দেশনা দিয়ে বলেন, নিরাপত্তা বিঘ্নিত হয় এমন যেকোনো কর্মকাণ্ডে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

দেশের আকাশপথের নিরাপত্তা সুসংহত করতে গোয়েন্দা তথ্য আদান-প্রদান জোরদার ও আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে সভায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্ডার ভেহিকল স্ক্যানিং সিস্টেমের কার্যকারিতা বৃদ্ধির পাশাপাশি প্রবেশপথের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
বিজ্ঞাপন

বিমানবন্দরের ল্যান্ডসাইড এলাকায় যানজট, অননুমোদিত জনসমাগম, ভিক্ষাবৃত্তি এবং অবৈধ লাগেজ মোড়ানোর মতো বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আর্মড পুলিশ ব্যাটালিয়ন, পুলিশ ও আনসারসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় যাত্রীসেবার মানোন্নয়ন ও সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে কমিটি সব অংশীজনকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছে।

0%
0%
0%
0%