পাকিস্তান ও সোমালিয়ার মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী আহমেদ মোয়াল্লিম ফিকি। বুধবার পাকিস্তানের সামরিক সদর দপ্তরে অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
সাক্ষাৎকালে সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং পাকিস্তান সেনাবাহিনীর প্রধান পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। বিশেষ করে অভিন্ন নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক সম্পর্ক সুসংহত করা এবং সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগ ও কৌশল নিয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেছে।
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদার ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সোমালিয়ার প্রতিরক্ষামন্ত্রী। এ সময় তিনি বৈশ্বিক ও আঞ্চলিক নিরাপত্তা কাঠামোতে পাকিস্তানের অটল সমর্থনের কথা কৃতজ্ঞতার সাথে স্বীকার করেন।
জবাবে ফিল্ড মার্শাল আসিম মুনির সোমালিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দেশটিতে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের নিরবচ্ছিন্ন সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। দুই দেশের সামরিক নেতৃত্বের এই বৈঠক ভবিষ্যতে কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্বকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তথ্যসূত্র: দুনিয়া নিউজ
