বিপিএল না এসএ টোয়েন্টি অনিশ্চয়তার দোলাচলে রিশাদের অংশগ্রহণ

আসন্ন এসএ-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশের তরুণ অলরাউন্ডার রিশাদ হোসেনের অংশগ্রহণ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সাউথ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি লিগে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন রিশাদ। তবে একই সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল আয়োজনের সম্ভাবনা থাকায় তার ছাড়পত্র বা এনওসি পাওয়া নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
রিশাদ প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এসএ-টোয়েন্টিতে সুযোগ পেয়ে ইতিহাস গড়েছেন। আগামী বছরের ৯ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। একই সময়ে বিপিএল আয়োজনের পরিকল্পনা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। যদি দুটি টুর্নামেন্টের সময়সূচি একই সময়ে পড়ে যায়, তবে দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় এই আসরে রিশাদের খেলা নিয়ে শঙ্কা তৈরি হবে। গত মৌসুমে বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের হয়ে খেলার কারণে রিশাদকে বিপিএল থেকে দূরে থাকতে হয়েছিল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, রিশাদের বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। বোর্ড প্রতিটি এনওসি আবেদনকে আলাদাভাবে মূল্যায়ন করে থাকে। গতবার বিগ ব্যাশে খেলার অনুমতি পেলেও এবার বিপিএলের সাথে সাংঘর্ষিক সূচি হলে বোর্ড নতুন করে চিন্তা করবে। বিপিএলে বড় করপোরেট হাউজগুলোকে যুক্ত করে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে বদ্ধপরিকর বিসিবি। ফলে আসন্ন আসরে রিশাদের অংশগ্রহণ কেবল বোর্ডের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।
সাম্প্রতিক সময়ে ফ্র্যাঞ্চাইজি লিগে রিশাদের পারফরম্যান্স নজর কাড়ার মতো। পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে ১২টি উইকেট শিকারের পর, বিগ ব্যাশ লিগেও তিনি ছিলেন দারুণ ছন্দে। হোবার্ট হারিকেনসের জার্সিতে ১১ ইনিংসে ১৫টি উইকেট নিয়ে তিনি টুর্নামেন্টের অন্যতম সেরা স্পিনার হিসেবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে এমন ধারাবাহিকতা ধরে রাখতে পারা রিশাদ শেষ পর্যন্ত এসএ-টোয়েন্টিতে খেলার সুযোগ পান কি না, এখন সেটাই দেখার বিষয়।
