AdvertisementAdvertisement

নেত্রকোনায় পুলিশের উপস্থিতি দেখে পালানোর সময় খালে ডুবে কলেজছাত্রের মৃত্যু

নেত্রকোণা সদর উপজেলার হরিখালি খাল এলাকায় টহলরত জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যদের দেখে দৌড়ে পালানোর সময় পানিতে ডুবে সাব্বির শেখ (১৯) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত সাব্বির নেত্রকোণা শহরের মেছুয়াবাজার এলাকার ব্যবসায়ী নাদিম শেখের ছেলে এবং আবু আব্বাস ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় ডিবির পশ্চিম জোনের উপপরিদর্শক রাজন মিয়ার নেতৃত্বে নয় সদস্যের একটি দল মাদকবিরোধী অভিযানে আমতলা সড়কের হরিখালি খাল এলাকায় পৌঁছায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সাব্বিরসহ কয়েকজন যুবক আতঙ্কিত হয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং একপর্যায়ে খালের পানিতে ঝাঁপ দেন। সঙ্গীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও সাব্বির পানিতে তলিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নেত্রকোণা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement
বিজ্ঞাপন

নিহতের বোন পূর্ণিমা আক্তার জানান, সাব্বির সাঁতার জানতেন না এবং কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা মামলার সঙ্গে তিনি সম্পৃক্ত ছিলেন না। বিকেলবেলা দোকান থেকে বের হওয়ার পর এমন অনাকাঙ্ক্ষিত সংবাদ তাদের পুরো পরিবারকে স্তব্ধ করে দিয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়েছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মাজহারুল আমিন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে সাব্বিরকে হাসপাতালে আনার পর ইসিজি পরীক্ষা করে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এদিকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, যুবকদের দৌড়ে পালানোর কারণ এবং মৃত্যুর প্রকৃত ঘটনা অনুসন্ধানে কাজ চলছে। এ ঘটনায় স্থানীয়রা দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Advertisement
বিজ্ঞাপন
0%
0%
0%
0%