AdvertisementAdvertisement

বিগত ১৬ বছরে ক্রসফায়ারে সাড়ে চার হাজার মানুষ হত্যা ও ৬০ লাখের বিরুদ্ধে গায়েবি মামলার অভিযোগ আইনমন্ত্রীর

গত ১৬ বছরের শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে প্রাণ হারাতে হয়েছে এবং ৭০০ জনের বেশি মানুষ গুমের শিকার হয়েছেন। এছাড়া বিরোধী মত দমনের হাতিয়ার হিসেবে ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দায়ের করা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের ত্রিবার্ষিক উৎসব ও জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন। আইনমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক বিষ্ফোরণ ছিল না, বরং দীর্ঘ ১৬ বছরের নিপীড়ন ও সংগ্রামের এক যৌক্তিক ও চূড়ান্ত পরিণতি।

Advertisement
বিজ্ঞাপন

স্বৈরাচারী শাসন ব্যবস্থার কঠোর সমালোচনা করে আইনমন্ত্রী বলেন, এমন অমানবিক পরিস্থিতির সৃষ্টি করা হয়েছিল যেখানে হজ পালনরত ব্যক্তি বা হাত হারানো প্রতিবন্ধীর বিরুদ্ধেও বোমা হামলার মতো হাস্যকর অভিযোগে মামলা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার সব ধরনের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।

সংস্কৃতি চর্চার প্রসারে সরকারের উদ্যোগের কথা জানিয়ে মন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই আইন সংশোধনের মাধ্যমে আবৃত্তিকে নৃত্য ও সংগীতের ন্যায় বাংলাদেশের স্বীকৃত শিল্পকলা হিসেবে মর্যাদা দেওয়া হয়েছে। মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধ বিকাশে আবৃত্তিশিল্পীরা আগামী দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement
বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, ৫ আগস্ট স্বৈরাচার পতনের মাধ্যমে রাষ্ট্রের কাঠামো ধ্বংস করার প্রক্রিয়ার অবসান ঘটেছে। তবে দেশে পুনরায় হিংস্র মৌলবাদের উত্থান নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং এখন পর্যন্ত নিখোঁজ প্রায় ১ হাজার ২০০ মানুষের সন্ধান পাওয়ার দাবি জানান।

বাংলাদেশ আবৃত্তি ফেডারেশনের উদ্যোগে দিনব্যাপী এই উৎসবে জুলাই গণঅভ্যুত্থানকে উপজীব্য করে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এর মধ্যে শোভাযাত্রা, নজরুল আবৃত্তি প্রতিযোগিতা, ‘জুলাইয়ের পঙক্তিমালা’ শীর্ষক কবিতা পাঠ ও শহীদদের স্মরণে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের নজর কাড়ে।

সম্পর্কিত- আইনমন্ত্রী
0%
0%
0%
0%