না ফেরার দেশে নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শহিদুল হক মানিক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বিশিষ্ট শিক্ষাবিদ শহিদুল হক মানিক মাস্টার ৮৩ বছর বয়সে পরলোকগমন করেছেন। মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকার একটি বাসায় চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন মেয়ে, দুই ছেলেসহ অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার দুপুরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর আসর নামাজের পর ঐতিহাসিক চারগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে নারায়ণপুর ডিএস কামিল মাদরাসা সংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করা হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক ও বিভিন্ন শ্রেণিপেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।
প্রয়াত শহিদুল হক ১৯৮৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত দীর্ঘ সময় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। কর্মজীবনে তিনি নবীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এবং চারগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতিসহ বহু সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী এই শিক্ষকের মৃত্যুতে নবীনগরের শিক্ষা অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দল, প্রেসক্লাবসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
