AdvertisementAdvertisement

রাজনৈতিক প্রতিকূলতা ও রয়্যালটি বঞ্চনার অভিযোগ তুলে সরব মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে আবারও সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সরাসরি সম্প্রচারে তিনি দাবি করেন, তাঁর দল ও ব্যক্তিগত কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতে কেন্দ্রীয় সংস্থা এবং বিজেপিশাসিত প্রশাসনের মদতে বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাজ্যের প্রশাসনিক ও রাজনৈতিক অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তিনি বলেন, রাজনৈতিক কর্মসূচির অনুমতির জন্য বারবার আদালতের দ্বারস্থ হতে হচ্ছে, যা গণতান্ত্রিক কাঠামোর জন্য উদ্বেগজনক।

নিজের আর্থিক স্বচ্ছতা নিয়ে ওঠা বিতর্কের জবাবে মুখ্যমন্ত্রী জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সরকারের কাছ থেকে কোনো বেতন কিংবা পেনশন গ্রহণ করেননি। তাঁর সংসার খরচের মূল উৎস মূলত তাঁর লেখা বই থেকে প্রাপ্ত রয়্যালটি, তবে এবারের প্রাপ্ত অর্থ নিয়ে তিনি ধোঁয়াশা তৈরি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপির ভয়ে প্রকাশক কর্তৃপক্ষ তাঁকে এ বছর রয়্যালটির টাকা দিচ্ছে না। এর পেছনে বড় কোনো ‘ষড়যন্ত্র’ রয়েছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

Advertisement
বিজ্ঞাপন

তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, বিজেপি সরকার রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন দলের আর্থিক মেরুদণ্ড ভাঙার চেষ্টা করছে। তিনি স্পষ্টভাবে জানান, তাঁর দল কোনো বিদেশি তহবিল গ্রহণ করে না, অথচ অন্যান্য অনেক দলের ক্ষেত্রে এমন অভিযোগ থাকলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। বিজেপির এই আচরণকে তিনি রাজনৈতিক অভিসন্ধি হিসেবেই দেখছেন।

নিজের জেদ ও লড়াইয়ের সংকল্প পুনর্ব্যক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, কোনো প্রতিবন্ধকতা দিয়েই তাঁকে স্তব্ধ করা যাবে না। তিনি বলেন, ছাত্র ও যুব রাজনীতি থেকে উঠে আসা মানুষ হিসেবে তিনি ক্ষমতার চেয়ারের চেয়ে সাধারণ মানুষের আবেগকে বেশি গুরুত্ব দেন। তাঁকে যত বেশি অবরুদ্ধ করার চেষ্টা করা হবে, তত বেশি তেজ নিয়ে তিনি ঘুরে দাঁড়াবেন বলেও সাফ জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো।

Advertisement
বিজ্ঞাপন

তথ্যসূত্র: হিন্দুস্থান টাইমস

0%
0%
0%
0%